Weather update
Bengal Liberty, ২৪ এপ্রিল :
দুর্যোগের আশঙ্কা থাকলেও প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল (Weather update) কিন্তু দক্ষিণবঙ্গে চিত্রটা একেবারেই আলাদা, তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল মানুষ। খরতাপের মধ্যেই ভোট দিতে গিয়ে চারজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। সপ্তাহান্ত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গে বর্তমানে তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ, শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।
শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি কার্যত জারি থাকবে। এই সময়ে ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। বুধবারও একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গে ইতিমধ্যেই আবহাওয়ার বদল স্পষ্ট। আজ, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড় ও সংলগ্ন পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিও নামতে পারে, যা নদী ও পাহাড়ি এলাকায় পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। মঙ্গলবার ও বুধবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে এবং গরমের তীব্রতা অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে।

