Kalighat PC OC
Bengal Liberty, ৩ মে:
রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে ফের একবার কলকাতা পুলিশের অন্দরে রদবদল (Kalighat PC OC)। কালীঘাট থানার ওসি পদে আবারও পরিবর্তন। গতকাল, শনিবারই এই দায়িত্বে বসানো হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু সেই নির্দেশের রেশ কাটার আগেই, ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। নতুন নির্দেশে কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হল বলাই বাগের হাতে। এত দ্রুত এই বদলিকে ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন, তৈরি হয়েছে প্রশাসনিক মহলেও জোর চর্চা (Kalighat PC OC)।

বিতর্কিত পোস্ট ঘিরেই শুরু বিতর্ক (Kalighat PC OC)
ঘটনার সূত্রপাত কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতম দাসের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। পুলিশের উর্দি পরা অবস্থায় নিজের চেয়ারে বসে, হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল- “নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।” ভোটগণনার ঠিক আগে এমন সংবেদনশীল সময়ে পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তৈরি হয় তীব্র বিতর্ক ও শোরগোল। বিষয়টি দ্রুত রাজনৈতিক মহলেও সাড়া ফেলে। এই নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। এরপরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন- সাসপেন্ড করা হয় ওসি গৌতম দাসকে।

২৪ ঘণ্টায় ফের বদল (Kalighat PC OC)
গৌতম দাসের সাসপেনশনের পর কালীঘাট থানার ওসি হিসেবে প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। তবে সেই সিদ্ধান্ত স্থায়ী হল না বেশিক্ষণ। মাত্র একদিনের মধ্যেই ফের বদল আনা হয় ওই পদে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। ভোটের ফল ঘোষণার ঠিক আগে ভিভিআইপি এলাকা হিসেবে পরিচিত কালীঘাটে নিরাপত্তা ব্যবস্থা এবং থানার শীর্ষ পদে এমন ঘনঘন রদবদল ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে পুলিশের অন্দরে ও রাজনৈতিক মহলে।
