Abhishek Banerjee
Bengal Liberty, Kolkata:আজ বহরমপুরে রোড শো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ‘বিজেপির ডামি প্রার্থী’ বলে আক্রমণ করার পাশাপাশি, বেলডাঙায় অশান্তির ঘটনার জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করেন তিনি। অভিষেকের দাবি, এই অশান্তিতে ইন্ধন জুগিয়েছে বিজেপির মদতপুষ্ট লোকজন এবং এলাকায় এক ‘নতুন গদ্দার’ তৈরি হয়েছে।
এছাড়াও বক্তৃতায় তিনি মুর্শিদাবাদের মানুষকে সতর্ক করে বলেন, কারও উস্কানিতে পা না দিতে এবং আইন নিজের হাতে না নিতে। ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে যারা অশান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন তিনি।

কিন্তু প্রশ্ন একটাই, এত কিছু জানার পরেও তিনি বেলডাঙায় গেলেন না কেন? অভিষেক নিজেই জানিয়েছেন, সভায় আসার আগেই তিনি বেলডাঙার অশান্তির খবর পেয়েছিলেন। সকাল ১১টা থেকে একাধিক ফোনে পরিস্থিতির খোঁজও নিচ্ছিলেন। তা হলে বহরমপুরে রোড শো করার সময়, মাত্র কয়েক কিলোমিটার দূরের বেলডাঙায় গিয়ে আক্রান্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করাটা কি তাঁর দায়িত্বের মধ্যেই পড়ত না?

বিরোধীদের দাবি, যদি সত্যিই অশান্তির নেপথ্যে বিজেপি (BJP)থাকত, তাহলে ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় তৃণমূলেরই রাজনৈতিক লাভ হতো। কিন্তু তার বদলে মঞ্চ থেকে বিজেপিকে দোষারোপ—এতে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। তৃণমূল নেতৃত্ব বারবার দাবি করে, তারা ‘মানুষের পাশে থাকে’। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অশান্তি হলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘটনাস্থলে না গিয়ে মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণেই সীমাবদ্ধ থাকছেন। বেলডাঙায় ভাঙচুর, উত্তেজনা, আতঙ্ক—সবকিছু চললেও অভিষেকের সফরসূচিতে ছিল না সাধারণ মানুষের ঘরে পৌঁছনোর কোনো কর্মসূচি।

