Leander Paes BJP
Bengal Liberty, Kolkata :
ভোটের মুখে বড় চমক। আন্তর্জাতিক টেনিস দুনিয়ার পরিচিত মুখ লিয়েন্ডার পেস (Leander Paes BJP) এবার সরাসরি রাজনীতির ময়দানে। মার্চ মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর, এপ্রিলেই পশ্চিমবঙ্গের ভোট প্রচারে নেমে পড়লেন তিনি। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌরভ সিকদারের সমর্থনে রোড শো করে নজর কাড়লেন পেস।

কী ঘটেছে? Leander Paes BJP
রবিবার নিউ ব্যারাকপুরের সাজিরহাট মোড় থেকে শুরু হয় এই রোড শো। খোলা গাড়িতে প্রার্থী সৌরভ সিকদারের সঙ্গে দেখা যায় লিয়েন্ডার পেসকে। তাঁর উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় প্রবল কৌতূহল। অনেকেই মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে এই প্রচারে রাস্তাজুড়ে ভিড় জমায় বিজেপি কর্মী-সমর্থকরা। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রোড শো চলাকালীন বারবার জয়ের চিহ্ন দেখিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় পেসকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের তারকা প্রচার ভোটারদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে শহর ও শহরতলির তরুণ ভোটারদের কাছে পেসের জনপ্রিয়তা বিজেপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

আগাম প্রস্তুতি
সূত্রের খবর, নির্ধারিত সময়ের আগেই নিজের গাড়িতে করে সভাস্থলে পৌঁছে যান লিয়েন্ডার পেস (Leander Paes)। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। পেস পৌঁছতেই তাঁকে ফুলের তোড়া ও দলীয় পতাকা দিয়ে বরণ করা হয়। এরপর প্রার্থীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পরই শুরু হয় রোড শো।
রাজনীতিতে পা রাখা
উল্লেখযোগ্য বিষয়, মাত্র কিছুদিন আগেই মার্চ মাস নাগাদ বিজেপিতে যোগ দেন ভারতের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। দীর্ঘ ক্রীড়া জীবনে দেশকে একাধিক আন্তর্জাতিক সম্মান এনে দেওয়ার পর এবার নতুন ইনিংস শুরু করেছেন রাজনীতিতে। দলে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে বিজেপির প্রচারে অংশ নিতে দেখা যাচ্ছে তাঁকে। পশ্চিমবঙ্গের এই ভোটেও তাই তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উত্তর দমদমের আজকের এই রোড শো শুধু একটি প্রচার কর্মসূচি নয়, বরং শক্তি প্রদর্শনেরও বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখার, ভোট বাক্সে এই ‘স্টার পাওয়ার’ কতটা প্রভাব ফেলতে পারে।
