Amal Kisku Locked
Bengal Liberty : এবার নিজের স্কুলেই ক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে তালাবন্দি হলেন মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী তথা প্রধান শিক্ষক অমল কিস্কু। তাঁকে দেখে উঠল ‘চোর চোর’ স্লোগানও। বৃহস্পতিবার সকালে মালদার বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
কেন এই ক্ষোভ? (Amal Kisku Locked)
গ্রামবাসীদের অভিযোগ, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৬ সালে তিনি তৃণমূলের টিকিটে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন। অভিযোগ, তারপর থেকেই তিনি আর নিয়মিত স্কুলে আসতেন না। দিনের পর দিন স্কুল কামাই করতেন। এর ফলে বাচ্চাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছিল।
প্রশাসনের উদাসীনতা (Amal Kisku Locked)
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের এই অনুপস্থিতি নিয়ে তাঁরা আগে বহুবার তৎকালীন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। গণস্বাক্ষর সংগ্রহ করে আবেদনপত্রও জমা দেওয়া হয়েছিল। কিন্তু পূর্বতন প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।

ঘেরাও ও উদ্ধার (Amal Kisku Locked)
বৃহস্পতিবার সকালে দীর্ঘ দিন পর অমল কিস্কু বিদ্যালয়ে পৌঁছান। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁরা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। চারপাশ থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় থানায়। শেষমেশ স্থানীয় ভিলেজ পুলিশ এসে নিরাপত্তার স্বার্থে তৃণমূল প্রার্থীকে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যায়।

