Abar Hawa Badal Trailer Release
Bengal Liberty, ৩০ মে: ঠিক ১৩ বছর আগে প্রস্রাব দিয়ে কাটাকুটি খেলে একে অপরের শরীর বদলে ফেলেছিল দুই বন্ধু— রাজ আর জিৎ। সেই স্মৃতি উসকে দিয়ে এবার বিদেশের মাটিতে আবার ফিরছে সেই ম্যাজিক। আজ, ৩০ মে মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘আবার হাওয়া বদল’-এর ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করলেন রুদ্রনীল ও পরমব্রত।

লন্ডনের বুকে পুরোনো গ্যাঁড়াকল (Abar Hawa Badal Trailer Release)
পুরো ছবিটির শুটিং হয়েছে লন্ডনে। গল্পে দেখা যাচ্ছে, জিৎ (পরমব্রত) এখন বিদেশে থিতু, তাঁর ছেলেও বড় হয়ে গিয়েছে। অন্যদিকে তাঁর পুরোনো বন্ধু রাজ (রুদ্রনীল) এখন জনপ্রিয় গায়ক। দীর্ঘ সময় পর লন্ডনে দেখা হয় দুই বন্ধুর। আর দেখা হতেই মাথায় চাপে সেই পুরোনো ভূত! আবার সেই ‘কাটাকুটি’ খেলা এবং আবার অদলবদল হয়ে যায় তাঁদের সত্তা। জিৎ হয়ে যায় রাজ, আর রাজ হয়ে যায় জিৎ।

মজা বনাম হিংসে: জীবন কি সত্যিই সুখের? (Abar Hawa Badal Trailer Release)
শরীর বদল হওয়ার পর শুরু হয় আসল সমস্যা। জিতের স্ত্রী তনুর (রাইমা সেন) কাছাকাছি যেতে অস্বস্তি বোধ করে রাজ। অন্যদিকে রাজের প্রেমিকার থেকে দূরে থাকতে চায় জিৎ। মজার ছলে করা এই ছোট্ট ভুলের মাশুল গুনতে হয় তাঁদের দু’জনকেই। অন্যের জীবন বাইরে থেকে যতটা সুখের মনে হয়, যাপন করতে গিয়ে তাঁরা বোঝেন আসল সত্যিটা। একে অপরের শরীরী ভাষা আর সংলাপের ভাঁজে লুকিয়ে আছে ভরপুর হাসির খোরাক।

কবে মুক্তি পাচ্ছে এই ছবি? (Abar Hawa Badal Trailer Release)
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে পুরোনো জুটির (পরমব্রত, রুদ্রনীল ও রাইমা সেন) সঙ্গে নতুন সংযোজন হয়েছেন অনুষা বিশ্বনাথন। প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’-এর এই ছবিটি আগামী ১২ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

