IPhO 2026 India
Bengal Liberty
আবারো বিদেশের মাটিতে ভারতের (IPhO 2026 India) জয়জয়কার! কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড (IPhO) ২০২৬-এ অংশ নিয়ে ভারতের পাঁচজন শিক্ষার্থীই স্বর্ণপদক জয় করেছেন।
বিশ্বের ৮৭টি দেশের ৩৮১ জন প্রতিযোগীর মধ্যে ভারত; রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের সাথে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে এই অনন্য গৌরব অর্জন করেছে।

জয়ের কাহিনী ও নেপথ্যের প্রস্তুতি(IPhO 2026 India)
৫৬তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড ২০২৬ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলটির নেতৃত্ব দেন হোমি ভাভা সেন্টার ফর সায়েন্স এডুকেশন (HBCSE-TIFR)-এর অধ্যাপক অন্বেশ মজুমদার।
HBCSE-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে এটি ছিল ভারতের ২৭তম অংশগ্রহণ। বিগত ১০ বছরে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ভারতীয় প্রতিযোগীই স্বর্ণ বা রৌপ্য পদক জিতেছেন, যা বিশ্বমঞ্চে বিজ্ঞান শিক্ষায় ভারতের শীর্ষ অবস্থানকে আরও একবার প্রমাণ করে।

স্বর্ণপদকজয়ী ভারতের পঞ্চপাণ্ডব(IPhO 2026 India)
ভারতের এই গৌরবময় সাফল্যে পাঁচ সদস্যের দলের সকলেই স্বর্ণপদক জয়ের অনন্য নজির গড়েছেন। বিজয়ী ভারতীয় শিক্ষার্থীরা হলেন কনিষ্ক জৈন , রিদ্ধেশ অনন্ত বেন্ডালে, ঋষিত গর্গ, শ্রেষ্ঠ সুরাইয়া, কাব্য চোপড়া
কেন এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ?(IPhO 2026 India)
প্রসঙ্গত, আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড হলো একটি বার্ষিক প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে। এতে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ক বোঝাপড়া,

বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে, কয়েক মাস ধরে বিশেষ প্রশিক্ষণে ছিলেন ভারতের প্রতিযোগীরা। তাঁদের এই প্রস্তুতিপর্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল উচ্চতর পদার্থবিজ্ঞানের পাঠ, গবেষণাগারের কাজ এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন সেশন। কঠোর পরিশ্রম আর অসামান্য দক্ষতার জোরেই ভারত আরও একবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের এক নতুন ইতিহাস রচনা করল।

