Dadagiri
Bengal Liberty
টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। প্রায় ১২ বছর ধরে সম্পর্কে থাকলেও এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি তারা (Dadagiri)। সেই বিষয় নিয়েই এবার জমে উঠল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র নতুন পর্ব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের নতুন প্রোমো, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আসন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘তারে ধরি ধরি মনে করি’ ছবির গোটা টিম। আড্ডার মাঝেই দেবের বিয়ের প্রসঙ্গ উঠতেই অনুষ্ঠানের AI মহাশয় অভিনেতাকে একটি সংস্কৃত বিয়ের মন্ত্র উচ্চারণ করতে বলেন। কঠিন মন্ত্রটি বলতে গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন দেব।

AI এর জবাব
সেই মুহূর্তেই AI মহাশয় রসিকতার সুরে বলেন, “এই মন্ত্র বলার ভয়েই বোধহয় দেব এতদিন বিয়ে করছেন না!” মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন দেব-সহ মঞ্চে উপস্থিত সকলেই। দেবও হাসিমুখে সেই খুনসুটির জবাব দেন এবং পুরো মুহূর্তটি উপভোগ করেন। দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে বরাবরই অনুরাগীদের আগ্রহ রয়েছে। তবে বিয়ের প্রসঙ্গে দু’জনেই খুব একটা মুখ খোলেন না। সম্প্রতি রুক্মিণী মৈত্রের জন্মদিন উদযাপন করতে মুম্বইয়ে গিয়েছিলেন দেব। এবার ‘দাদাগিরি’-র মঞ্চে বিয়ে নিয়ে এই মজার খুনসুটি দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সম্প্রচারের আগেই পর্বটির প্রোমো সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

