Shatarup Ghosh
Bengal Liberty, ৩০ মে :
“ডি ফর ডিম, জে ফর জুতো!” সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বাম নেতা শতরূপ ঘোষের এই একলাইনই আগুনে ঘিয়ের সমান। কয়েক মাস আগেই নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটের ফল প্রকাশের পর ‘ডিজে বাজানোর’ কথা বলেছিলেন অভিষেক (Shatarup Ghosh)। কিন্তু শনিবারের ছবি ছিল সম্পূর্ণ উল্টো। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে এলাকা ছাড়তে হয় অভিষেককে। আর সেই ঘটনাকেই হাতিয়ার করে কটাক্ষের সুর চড়ালেন বাম নেতা শতরূপ ঘোষ। উল্লেখ্য, একসময় বাম আমলের মুখ্যমন্ত্রীদের ভূয়সী প্রশংসা করলেও শেষ পর্যন্ত সেই বাম শিবিরের ব্যঙ্গ-বিদ্রূপ থেকেই রেহাই পেলেন না অভিষেক (Shatarup Ghosh)।

বাম নেতা কী বললেন? (Shatarup Ghosh)
গত মার্চ মাসে নন্দীগ্রামের নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় প্রার্থী পবিত্র করের সমর্থনে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি বলেছিলেন, “চার তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।” রাজনৈতিক মহলে সেই মন্তব্য নিয়ে তখনই বিতর্কের সৃষ্টি হয়েছিল। শনিবার সোনারপুরের ঘটনার পর সেই মন্তব্যকেই হাতিয়ার করেন বাম নেতা শতরূপ ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ডিজে বাজবে শুনেছিলাম। আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল।

প্রাক্তন বাম মুখ্যমন্ত্রীদের প্রশংসার পরও কটাক্ষ থেকে বাঁচলেন না অভিষেক (Shatarup Ghosh)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিকবার বাম আমলের নেতাদের নিয়ে ইতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায় থেকে শুরু করে বাম জামানার জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতাদের কাউকেই ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে দেখা যায়নি। তিনি কটাক্ষের সুরে বলেন, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীকে টেলিভিশনের পর্দায় ঘুষ নিতে দেখা গিয়েছে।
পালাবদলের পর একদিকে তৃণমূল নেত্রী যেরকম বিরোধী দলগুলির দিকে একজোট হওয়ার হাত বাড়িয়ে দিয়েছিলেন, অপরদিকে তারই পথ প্রশস্থ করতে এক ধাপ এগিয়ে বাম আমলের মুখ্যমন্ত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অভিষেককে। কিন্তু তাতে কী? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফাঁকা হাতে ফিরতে হয়। সেরকমই অভিষেকও কটাক্ষ থেকে ছাড় পেলেন না। সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে শতরূপ ঘোষের ব্যঙ্গাত্মক মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ককে উসকে দিল।


