Weather update
Bengal Liberty: হেমন্তের ঝড়া পাতার বুক চিঁড়ে অবশেষে শীতের আগমন। ডিসেম্বরের শুরুতেই দুর্দান্ত ব্যাটিং শীতের (Winter)। ক্রমশই বাংলা জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভরপুর শীতের আমেজ উত্তরের পাশাপশি দক্ষিণেও। নিম্নচাপ, ঘূর্ণাবর্তের কাঁটা সরতেই শুরু হয়েছে উত্তুরে হওয়ার দাপট। আরও জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ অনুভব করতে পারবে আগামী সপ্তাহ থেকেই। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পারদ পতন হলেও সব জেলাতে শীতের আমেজ অনুভব করা যাবে না। সব জেলায় কনকনে ঠান্ডার আমেজ আরও কিছুদিন পর টের পাওয়া যাবে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে।
আগামী সাতদিন গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী সাতদিন শীতের স্পেল চলবে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব জেলাতেই ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গ (Weather Update)
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ আছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গ (Weather Update)
উত্তরবঙ্গেও শীতের অনুভব আগামী সাতদিন ভালোই অনুভব হবে বলে খবর। বুধবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এলাকায় আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে বলে খবর। মালদহ-সহ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে খবর।
