Kolkata route march
Bengal Liberty , Kolkata;
হোলির দিন থেকেই নিরাপত্তা আরও জোরদার করল প্রশাসন। বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, বুধবার সকাল থেকে কলকাতার একাধিক এলাকায় রুটমার্চ করতে দেখা গেল জওয়ানদের।

হোলির আবহেও কড়া নজরদারি কলকাতায় Kolkata route march
দোলের সকালে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করতে রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী। বিশেষ করে কলকাতা শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেন জওয়ানরা। রাসবিহারী, পঞ্চসায়র ও তালতলা-সহ একাধিক এলাকায় রুটমার্চ করা হয়। পাশাপাশি শিয়ালদহ, বউবাজার এবং মুচিপাড়া থানার আওতাধীন বেশ কিছু এলাকায় এরিয়া ডমিনেশন চালানো হয়েছে।
রুটমার্চ চলাকালীন তালতলা থানার পুলিশ আধিকারিকরাও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন এবং এলাকাগুলি চিহ্নিত করে দেখান। গুরুত্বপূর্ণ বুথ এবং সংবেদনশীল অঞ্চলগুলিকে বিশেষ নজরে রেখে টহল দেওয়া হয়। তালতলা থানার কাছে অবস্থিত রানী রাসমণি হাই স্কুল সংলগ্ন একটি বুথ এলাকায়ও বাহিনীর উপস্থিতি চোখে পড়ে। এছাড়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাতেও জওয়ানদের টহল দিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ও ভোট সংক্রান্ত সচেতনতাও বাড়ানোর চেষ্টা করেন তাঁরা।

নির্বাচনের আগে ধাপে ধাপে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী Kolkata route march
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি ভারতের নির্বাচন কমিশন, রাজনৈতিক মহলে জোর জল্পনা, যেকোনও দিনই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ।
জানা গেছে, গত ১ মার্চ প্রথম পর্যায়ে প্রায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পৌঁছেছে এবং বিভিন্ন জেলায় তাদের রুটমার্চ ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১০ মার্চের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। কলকাতায়ও ১০ মার্চের মধ্যে প্রায় ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
ভোট ঘোষণার আগেই রাজ্যে এই ধরনের টহল এবং বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনী প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট। প্রশাসনের দাবি, আগাম নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
