Paikpara Explosion Kolkata
Bengal Liberty Desk, ৭ মার্চ, কলকাতা: আজ, শনিবার সকালে কলকাতার পাইকপাড়া এলাকায় পরপর বিস্ফোরণ। অভিযোগ, এলাকার একটি ক্লাবঘরের ভিতরেই একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি বাড়ির ছাদে গিয়ে পড়ে। ঘটনায় ক্লাবঘরে আগুনও লেগে যায় (Paikpara Explosion Kolkata)।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে নামেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, ক্লাবের ভিতরে আগে থেকেই বোমা মজুত রাখা ছিল।
বিস্ফোরণের তীব্রতা (Paikpara Explosion Kolkata)

একাধিক বিস্ফোরণের জেরে গোটা পাইকপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণে ক্লাবঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের পর ক্লাবের ভিতরে বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে।
এলাকার বাসিন্দাদের দাবি, এই ঘটনার সঙ্গে এলাকার কিছু লোক জড়িত থাকতে পারে। তাঁদের অভিযোগ, ক্লাবটির জমি নিয়ে প্রোমোটিংয়ের উদ্দেশ্যে কারও কারও নজর ছিল। তাই এই ঘটনার পেছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
তদন্তে পুলিশ (Paikpara Explosion Kolkata)

স্থানীয়দের দাবি, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন এই বিস্ফোরণ ঘটানো হল, তা দ্রুত তদন্ত করে বের করুক পুলিশ। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ পিকেট বসানো এবং সিসি ক্যামেরা লাগানোর দাবিও তুলেছেন বাসিন্দারা। বিস্ফোরণের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। বর্তমানে চিৎপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই কলকাতায় একাধিক বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছে। নগরদায়রা আদালত, পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ইমেল পাঠানো হয়েছে বলে জানা গেছে। সেই ঘটনাগুলির তদন্ত এখনও চলছে। তার মধ্যেই পাইকপাড়ায় এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন (Paikpara Explosion Kolkata)-
আদালতে বোমাতঙ্ক, (Court Bomb Threat) জরুরী বৈঠকে মুখ্যসচিব
খাস কলকাতায় বোমাতঙ্ক! (Court Bomb Threat) একের পর এক আদালতে হুমকি-মেল, ফাঁকা করা হল চত্বর
শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, সেখানে আরও কিছু তাজা বোমা থাকতে পারে। বম্ব স্কোয়াড সেগুলি পরীক্ষা করে দেখছে। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ক্লাবঘরের আশপাশে কাউকে যেতে নিষেধ করেছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা (Paikpara Explosion Kolkata)।
