Jeetu Kamal
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: টলিপাড়ায় গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা জীতু কমল। ‘এরাও মানুষ’ সিনেমার সেটে পরিচালক ও প্রযোজক সাঁই প্রকাশ লাহিড়ীর সঙ্গে তাঁর বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি এবং মানহানির মামলাকে একপাশে সরিয়ে রেখে এবার কেরিয়ারে এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন পর্দার ‘অপরাজিত’। টলিপাড়ার প্রসেনজিৎ, জিৎ বা দেবের মতো এবার তিনিও নাম লেখাতে চলেছেন প্রযোজকের তালিকায়।
নতুন প্রযোজনা সংস্থা ‘বাসুকি ফিল্মস’ (Jeetu Kamal)

সূত্রের খবর, জীতু কমল খুব শীঘ্রই নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। ইতিমধ্যেই সেই সংস্থার রেজিস্ট্রেশন পর্বও নাকি সারা হয়ে গিয়েছে। জীতু নিজে ঈশ্বরভক্ত, তাই তাঁর এই নতুন সংস্থার নাম রাখা হয়েছে ‘বাসুকি ফিল্মস’। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা, তবে ইন্ডাস্ট্রি সূত্রে জোর গুঞ্জন—শীঘ্রই বড় ঘোষণা আসতে পারে।
সেটের বিতর্ক ও পালটা ভিডিয়ো (Jeetu Kamal)
সম্প্রতি ‘এরাও মানুষ’ সিনেমার কাজ চলাকালীন জীতুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন পরিচালক। পালটা হিসেবে জীতু বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন, যেখানে দেখা যায় সেটে পরিচালকের অভব্য আচরণ। এই নিয়ে তরজা যখন তুঙ্গে, তখনই অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জীতুর পাশে দাঁড়ান। তিনি জীতুকে অত্যন্ত নিষ্ঠাবান ও পরিশ্রমী অভিনেতা হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছেন।
ছোটপর্দা থেকে বড় সিদ্ধান্ত (Jeetu Kamal)

বর্তমানে জীতুকে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। ছোটপর্দার শ্যুটিংয়ের বিপুল ব্যস্ততার মাঝেও অভিনেতা কীভাবে এই নতুন পরিকল্পনার ছক সাজালেন, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্টুডিও পাড়ায়। এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সহ-অভিনেত্রীকে নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি, যার জেরে কাস্টিংয়ে বদল আনতে হয়েছিল। তবে বারবার বিতর্কে জড়ালেও কাজ থেকে কখনও বিরতি নেননি জীতু।
আরও পড়ুন-
Jeet New Movie: অ্যাকশন অবতারে সুপারস্টার জিৎ, নজরকাড়া লুকে চমৎকার পোস্টার!
Papia Adhikari Tollygunge: টলিউডে কাজ পেতে ‘রাজনৈতিক পরিচয়’ জরুরি? পাপিয়া অধিকারীর অভিযোগে তোলপাড় টালিগঞ্জ
অপেক্ষায় দর্শক (Jeetu Kamal)
জীতুর এই নতুন সংস্থা থেকে কি সাধারণ দর্শক নতুন কোনও চমকপ্রদ জুটি বা সিনেমা উপহার পাবে? নাকি জীতু নিজেই তাঁর প্রযোজনায় বড় পর্দায় ফিরবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। তবে এ কথা বলাই বাহুল্য যে, বিতর্ককে পিছনে ফেলে জীতুর এই প্রযোজক হওয়ার সিদ্ধান্ত তাঁর কাজের জগতে এক নতুন মোড় আনতে চলেছে।
