Chingrighata Metro Project
Bengal Liberty Desk, ২৩ মার্চ: দীর্ঘ প্রতীক্ষিত নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) চিংড়িঘাটা জট অবশেষে কাটল। আজ, সোমবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আর্জি খারিজ করে দিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রেখেছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনস্বার্থ এবং উন্নয়নের কাজে রাজ্য সরকারের বাধা দেওয়া উচিত নয় (Chingrighata Metro Project)।
সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ (Chingrighata Metro Project)

মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট জানায়, একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে কেন বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে? উন্নয়নমূলক কাজ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। এদিন এই মামলায় দেশের প্রধান বিচারপতির মন্তব্য, “জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাই কোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাই কোর্টই সময় বেঁধে দিয়ে কাজ করাবে।”
আদালতের পর্যবেক্ষণ, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অবস্থান সংবিধানগত দায়িত্ব পালনে সম্পূর্ণ গাফিলতি। উন্নয়ন আটকানোর জন্য জেদ দেখানেো হচ্ছে। রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “কখনও বলছেন উৎসব চলছে, কখনও পরীক্ষা চলছে, এখন বলছেন নির্বাচন চলছে। সুযোগ দিচ্ছি, মামলা তুলে নিন। না হলে খারিজ করে দেব।”
কলকাতা হাই কোর্ট এর আগে মেট্রো রেলকে কাজ চালিয়ে যাওয়ার যে অনুমতি দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে শীর্ষ আদালত। বিচারপতিরা সাফ জানান, হাই কোর্টের রায়ে কোনও আইনি ভুল নেই। পরিস্থিতি বেগতিক দেখে রাজ্যের আইনজীবী আবেদনটি ফিরিয়ে নিতে চাইলে আদালত তা মঞ্জুর করে এবং মামলাটি খারিজ করে দেয়।
কী নিয়ে ছিল এই আইনি লড়াই (Chingrighata Metro Project)?

চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন ছিল। কিন্তু রাজ্য সরকার যানজটের দোহাই দিয়ে দীর্ঘিন সেই অনুমতি দিচ্ছিল না। এরপর মেট্রো কর্তৃপক্ষ (RVNL) কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্ট গত বছর নির্দেশ দিয়েছিল যে, রাজ্যের আপত্তিতে প্রকল্পের কাজ থমকে থাকতে পারে না এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।
আরও পড়ুন-
Kolkata Metro Modernization: কলকাতা মেট্রোর পরিকাঠামো উন্নয়নে ১২০১ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের
মেট্রো যাত্রীদের জন্য সুখবর (Chingrighata Metro Project)
সপ্রিম কোর্টের এই রায়ের ফলে অরেঞ্জ লাইনের সবথেকে বড় বাধাটি দূর হলো। এখন মেট্রো কর্তৃপক্ষ নির্বিঘ্নে চিংড়িঘাটা মোড়ে কাজ করতে পারবে। এর ফলে সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালুর পথ প্রশস্ত হল। চিংড়িঘাটার মতো ব্যস্ত এলাকায় দীর্ঘদিনের ঝুলে থাকা নির্মাণ কাজ দ্রুত শেষ হবে বলেই মনে করা হচ্ছে।
শীর্ষ আদালতের এই নির্দেশের পর এখন রাজ্য পুলিশ ও ট্রাফিক বিভাগকে মেট্রো রেলের সঙ্গে সমন্বয় করে কাজের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে। খুব শীঘ্রই চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারে।
