Raghav Chadha
Bengal liberty desk, 25 এপ্রিল:
রাজনীতির রঙ বদলালে ভাগ্য বদলায় কি না তা সময়ই বলবে, কিন্তু রাঘব চাড্ডার ক্ষেত্রে রাতারাতি বদলে গেল তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবিটা (Raghab Chadda)। আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে পা রাখতেই ডিজিটাল দুনিয়ায় বড়সড় ‘ধাক্কা’ খেলেন এই তরুণ সাংসদ। মাত্র ২৪ ঘণ্টায় তাঁর ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে গেল পাক্কা ১০ লক্ষ ফলোয়ার!

তরুণ প্রজন্মের চোখে ‘হিরো’ থেকে ‘জিরো’? Raghab Chadda
রাঘব চাড্ডা শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, স্টাইলিশ লুক আর ডেলিভারি বয়দের মতো সাধারণ মানুষের হয়ে সওয়াল করে তিনি হয়ে উঠেছিলেন ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের আইকন। কিন্তু তাঁর এই আকস্মিক ‘গেরুয়া’ যাত্রা সেই তরুণ অনুরাগী মহলে যেন ‘বিশ্বাসঘাতকতা’র মতো বিঁধেছে। তথ্য বলছে, শুক্রবারও যাঁর ফলোয়ার ছিল ১৪.৬ মিলিয়ন, শনিবার বিকেলেই তা ১৩.৫ মিলিয়নে নেমে এসেছে। নেটিজেনদের সাফ কথা— “আদর্শ বেচলে ফলোয়ারও কমে!”
মুছে ফেলা ইতিহাস আর নতুন সমীকরণ:
শুধু ফলোয়ার কমাই নয়, রাঘবের বিরুদ্ধে উঠেছে পুরনো ডিজিটাল ইতিহাস মুছে ফেলার অভিযোগ। নেটিজেনরা খেয়াল করেছেন, বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর প্রোফাইল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির কড়া সমালোচনা করা পুরনো পোস্টগুলো সযত্নে সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে শুধুই মোদী-বন্দনা। আর এই ‘ডিগবাজি’ দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে #UnfollowRaghavChadha ক্যাম্পেইন।

বিশ্লেষকদের কী মত?
রাজনৈতিক মহলের মতে, রাঘব ভেবেছিলেন হয়তো দুই-তৃতীয়াংশ সাংসদ নিয়ে দলবদল করলে আইনি জাঁতাকল এড়ানো যাবে, কিন্তু ডিজিটাল জনতার আদালতের রায় যে এত কঠোর হবে তা তিনি আন্দাজ করেননি। এনসিপি নেতা অনীশ গাওয়ান্দে ব্যঙ্গ করে ঠিকই বলেছেন— “ইন্টারনেট যেমন রাতারাতি মাথায় তুলতে পারে, আছাড় মারতেও সময় নেয় না।”
এখন দেখার, এই ‘ডিজিটাল খরা’ কাটিয়ে রাঘব চাড্ডা কি পারবেন নতুন মোড়কে যুবসমাজের মন জয় করতে? নাকি ১০ লক্ষ মানুষের এই ‘আনফলো’ তাঁর রাজনৈতিক কেরিয়ারের ড্যামেজ কন্ট্রোলের শুরু মাত্র?
