Suvendu win
Bengal liberty, kolkata:
শেষ পর্যন্ত ভরকেন্দ্র ভবানীপুরে শেষ হাসিটা হাসলেন শুভেন্দু অধিকারীই! শেষ মুহূর্তে খেলা ঘুরে গেল এমনভাবে, যা কেউ কল্পনাও করতে পারেনি। একসময়ের অপ্রতিদ্বন্দ্বী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধরাশায়ী, তাও নিজের ঘাঁটিতেই! বিজেপি প্রার্থী এবং তাঁরই প্রাক্তন ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নিঃসন্দেহে এই জয় ঐতিহাসিক।
গণনার শুরুতে কিছুটা এগিয়ে থাকলেও, খুব দ্রুত পাল্টা আঘাত হানেন মমতা। একের পর এক রাউন্ডে এগিয়ে গিয়ে মনে হচ্ছিল, লড়াই কার্যত শেষ। কিন্তু রাজনীতির ময়দানে শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই শেষ নয়-এই পুরনো সত্যিই ফের প্রমাণিত হল।

রেকর্ড ভোটে বিজয়ী শুভেন্দু
১৩তম রাউন্ড থেকেই ছবিটা হঠাৎ বদলাতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে ব্যবধান, চাপে পড়তে থাকেন মমতা। আর সেই সুযোগেই ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠেন শুভেন্দু। শেষ কয়েক রাউন্ডে যেন ঝড় তুলে সব হিসাব উল্টে দেন তিনি। শেষ পর্যন্ত ফলাফল-চমকে দেওয়ার মতো, নাড়িয়ে দেওয়ার মতো। শুভেন্দুর ঝটকা সামলাতে পারলেন না মমতা। নিজের দুর্গেই পতন ঘটল তাঁর। ২০২১-এ নন্দীগ্রামের পর এবার ভবানীপুর। দ্বিতীয়বারের মতো সরাসরি মুখোমুখি লড়াইয়ে হার স্বীকার করতে হল তাঁকে।
