CM North Bengal Visit
Bengal Liberty, ২০ মে :
বিজেপির সাফল্যের একটা বড় কারণ হিসেবে ধরা হয় উত্তরবঙ্গকে (CM North Bengal Visit)। কারণ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে একাই ৪০টি আসন দখল করেছে বিজেপি। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, বুধবার শুভেন্দুর প্রথম উত্তরবঙ্গ সফর নিঃসন্দেহে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, যোগী আদিত্যনাথ বিজেপির সমস্ত হাই প্রোফাইল নেতা মন্ত্রীরা উত্তরবঙ্গে জোরকদমে প্রচার সেরেছেন। ফল প্রত্যাশা অনুযায়ীই হয়েছে। পাশাপশি একাধিক প্রতিশ্রুতির ডালি সাজিয়ে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই জয় হাসিল করার পর শুভেন্দুর উত্তরবঙ্গ সফরে কী কী চমক অপেক্ষা করছে তাই এখন দেখার। যদিও সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ, এ বার ঋণ শোধের পালা। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানিয়ে দিলেন তিনি। উত্তরবঙ্গে পা রাখা মাত্র একাধিক প্রতিশ্রুতি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় (CM North Bengal Visit)।

উত্তরবঙ্গ সফরে শুভেন্দু (CM North Bengal Visit)
বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক সরকারি কর্মসূচি ও প্রশাসনিক বৈঠক সেরে বিকেলের মধ্যেই কলকাতায় ফেরার কথা তাঁর। সফর চলাকালীন উত্তরবঙ্গের সঙ্গে বিজেপির দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথা বিশেষভাবে তুলে ধরেন তিনি। শুভেন্দুর কথায়, ২০০৯ সাল থেকে পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ বিজেপিকে ধারাবাহিকভাবে সমর্থন ও রাজনৈতিক জমি দিয়েছে। লোকসভা থেকে বিধানসভা, গত এক দশকে উত্তরবঙ্গই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি। সেই সমর্থনের ঋণ এবার উন্নয়নের মাধ্যমে শোধ করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন সরকার সেগুলি বাস্তবায়নে অগ্রাধিকার দেবে।

নিয়মিত প্রশাসনিক নজরদারির আশ্বাস শুভেন্দুর (CM North Bengal Visit)
উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখা এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা তৈরি করতেই বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বাগডোগরায় পৌঁছতেই তাঁকে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ বিজেপির উত্তরবঙ্গের শীর্ষ নেতৃত্ব।উত্তরবঙ্গে পা রেখেই উন্নয়নকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উত্তরবঙ্গকে প্রশাসনিক ভাবে আরও সক্রিয় ও সংযুক্ত রাখতে প্রতি মাসে অন্তত এক বার তিনি নিজে এবং মন্ত্রিসভার সদস্যেরা এই অঞ্চলে আসবেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে উত্তরকন্যাকেও আরও কার্যকর করার ইঙ্গিত দেন শুভেন্দু। শুভেন্দু বলেন, “এ বার থেকে প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ।”

আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা (CM North Bengal Visit)
উত্তরবঙ্গ সফরে উন্নয়নের রূপরেখার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়েও স্পষ্ট বার্তা দেবেন শুভেন্দু। প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানিয়ে দেন, নতুন সরকার কোনওভাবেই তোলাবাজি, দাদাগিরি বা অপরাধমূলক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। মুখ্যমন্ত্রীর কথায়, অতীতের মতো প্রভাব খাটিয়ে বা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কেউ আর পার পেয়ে যেতে পারবেন না। আইনশৃঙ্খলার প্রশ্নে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর মন্তব্য, “আমি প্রথম দিনই বলেছি তোলাবাজি, গুন্ডাগিরি, সিন্ডিকেটরাজ, আর ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষের রক্ত চোষা, এটা আমাদের সরকার কোনও অবস্থাতেই বরদাস্ত করবে না । অপরাধী কোন দলের, তার পরিচয় কী, সেটা দেখার দায়িত্ব পুলিশের নয় । পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, আইন তার নিজের পথে চলবে ।” পাশাপশি চা শিল্পের পুনরুজ্জীবন, পর্যটনের সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন শুভেন্দু।
