BJP Oath Ceremony
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গঠিত হল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (BJP Oath Ceremony)। আজ, ১ জুন, শপথ নিলেন মোট ৩৫ জন মন্ত্রী। সকাল ১১টা থেকে শুরু হয় এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার ৩৫ জন সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহা-সহ আরও অনেকে। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে ৩ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন।

মন্ত্রিসভার তালিকা BJP Oath Ceremony
রাজ্য বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন— দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাসগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অনুপ কুমার দাস।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিন জন— ইন্দ্রনীল খাঁ, মালতি রাভা রায় এবং রাজেশ মাহাতো।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।
রবিবার কলকাতার আনন্দপুরে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবপ্রকাশ ও সুনীল বনসল। এছাড়াও উপস্থিত ছিলেন দলের আইটি সেল প্রধান অমিত মালব্য, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই সম্ভাব্য মন্ত্রীদের নাম, কার হাতে কোন দফতরের দায়িত্ব থাকবে এবং সামাজিক ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে, তা নিয়ে চূড়ান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল
বিজেপির এই নতুন মন্ত্রিসভা গঠনের অন্যতম লক্ষ্য আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল— রাজ্যের প্রতিটি প্রান্তের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। যোগ্য বিধায়কদের প্রশাসনের দায়িত্বে এনে উন্নয়নের বার্তা রাজ্যের সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং সমাজের সব শ্রেণির মানুষকে প্রশাসনের অংশীদার করাই বিজেপি সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

