Pijush Kanti Das
Bengal Liberty:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে গেরুয়া ঝড়ে কার্যত বিপর্যস্ত হয়েছে তৃণমূল (Pijush Kanti Das)। আর সেই জেলার মানুষের উন্নয়ন ও পরিষেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বিজেপি বিধায়করা। তাঁদের মধ্যে অন্যতম চণ্ডীপুরের বিধায়ক পীযূষ কান্তি দাস।
চণ্ডীপুরের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করেছেন পীযূষ কান্তি দাস। তাঁর কথায়, রেল প্রকল্পের কাজ পূর্ববর্তী সরকারের আমলে জমি-সংক্রান্ত জটিলতার কারণে আটকে ছিল। বর্তমানে সেই জট কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই কলকাতা থেকে নন্দীগ্রাম পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতে নন্দীগ্রাম থেকে দূরপাল্লার ট্রেন পরিষেবা চালুর বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।

উন্নয়নের প্রতিশ্রুতি পীযূষের
শুধু রেল নয়, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন চণ্ডীপুরের বিধায়ক। তাঁর কথায়, “এই মুহূর্তে কোনও বড় হাসপাতালের দাবি করছি না। তবে চণ্ডীপুরে যে দুটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে যাতে এলাকার মানুষ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পান, সেই ব্যবস্থা করতে চাই। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারস্বত মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করব।”
দীর্ঘ বামফ্রন্ট ও তৃণমূল শাসনকালে চণ্ডীপুরের বাসিন্দারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করেন পীযূষ। তাঁর বক্তব্য, এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হয়নি, স্বাস্থ্য পরিষেবাও পর্যাপ্ত নয়। এমনকি একটি কলেজও নেই। ফলে উচ্চশিক্ষার জন্য চণ্ডীপুরের ছাত্রছাত্রীদের ভগবানপুর বা নন্দীগ্রামে যেতে হয়। এই পরিস্থিতি পরিবর্তন করতে চান তিনি। সেই লক্ষ্যেই চণ্ডীপুরে দুটি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, একটি জেনারেল ডিগ্রি কলেজ এবং একটি টেকনিক্যাল কলেজ গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।


