Abhishek Banerjee
Bengal Liberty : ‘ডিজে বাজাবেন’ বলেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই বিতর্কের সত্যতা যাচাই করতেই খতিয়ে দেখা হবে তাঁর কণ্ঠস্বর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে করা মন্তব্যকে ঘিরে চলা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সংগ্রহের অনুমতি দিল বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির আবেদনে সাড়া দিয়ে বিচারকের এই নির্দেশের ফলে তদন্তে নতুন মাত্রা যোগ হল। আগামী ৩০ জুন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে (Abhishek Banerjee)।

ঘটনার প্রেক্ষাপট (Abhishek Banerjee)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপির বিরুদ্ধে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় ‘ডিজে বাজানো’ মন্তব্যকে ঘিরে। এক নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেছিলেন, ৪ মে-র পর ফের তৃণমূল ক্ষমতায় ফিরলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। এই মন্তব্যকে কেন্দ্র করেই প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। গত শুক্রবার তদন্তকারীরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সমনের নোটিস পৌঁছে দেন। নোটিস মোতাবেক ১৬ জুন সেই সমনের জবাব দিতে ভবানীভবন যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আদালতের কাছে ভয়েস স্যাম্পল সংগ্রহের অনুমতি চেয়ে আবেদন জানায় সিআইডি। সেই আবেদনে সাড়া দিয়ে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দেয়। আদালতের এই নির্দেশের ফলে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা।



