Bomb Blast Case
Bengal Liberty:
২০২২ সালের আমতা বোমা বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA )। হাওড়া জেলার আমতার তিনটি পৃথক স্থানে তল্লাশি চালিয়ে মামলার মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের নাম আসফার মিদ্যা ও এন্তাজুল মিদ্যা (Bomb Blast Case)। তাঁদের গ্রেফতারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
NIA সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অভিযুক্তদের সম্ভাব্য তিনটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। তল্লাশির পর আসফার ও এন্তাজুলকে গ্রেফতার করা হয়। দু’জনেই হাওড়া জেলার আমতা এলাকার বাসিন্দা।

মামলায় বড় সাফল্য (Bomb Blast Case)
তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আমতা থানার অন্তর্গত চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় বেআইনিভাবে দেশি বোমা তৈরির কাজ চলছিল। সেই সময় কয়েকটি বোমা বিস্ফোরিত হলে জাহাধর মোল্লা, মহব্বত মোল্লা, মইনুর রহমান এবং শেখ মাহারাম গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে শেখ মাহারামের মৃত্যু হয়।
তদন্তকারী সংস্থার দাবি, আসফার মিদ্যা ও এন্তাজুল মিদ্যার নির্দেশেই ওই অবৈধ বোমা তৈরির কারখানা পরিচালিত হত। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই ওই বোমাগুলি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ।
২০২৪ সালের এপ্রিল মাসে স্থানীয় পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার গ্রহণ করে NIA। এর আগে এই মামলায় চারজনকে গ্রেফতার করে চার্জশিটও পেশ করা হয়েছে। RC-08/2024/NIA/DLI নম্বরের মামলায় তদন্ত এখনও চলছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


