AITC
Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক অবৈধভাবে ব্যবহারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং দলের নাম ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে কলকাতা পুলিশের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
কেন এই অভিযোগ? (AITC)
দলের অনুমোদিত প্রতিনিধি দোলা সেনের অভিযোগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা নিজেদের দলের ‘জেনারেল সেক্রেটারি’ পরিচয় দিয়ে ভুয়ো নোটিশ ও নির্দেশিকা প্রকাশ করছেন। বিশেষ করে জাভেদ খান ও সন্দীপন সাহার নাম ব্যবহার করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের বৈঠকে ডাকার যে নোটিশ জারি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিত জালিয়াতির অংশ বলে দাবি করেছে কালীঘাট শিবির।

পুলিশে অভিযোগ (AITC)
এই ঘটনায় কালীঘাট থানা, নিউ টাউন থানা, প্রগতি ময়দান থানা এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। দোলা সেনের অভিযোগে বলা হয়েছে, ইলেকট্রনিক নথি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে, যা ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

রাজনৈতিক চাপানউতোর (AITC)
একদিকে কালীঘাট শিবির জালিয়াতির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের দাবি, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস এবং বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনাধীন।


