Abhishek Banerjee
ডায়মন্ড হারবার: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। ডায়মন্ড হারবার থানায় তাঁর বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই এই সব সেবাশ্রয় শিবিরে চিকিৎসাকেন্দ্র পরিচালনা করা হচ্ছিল।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, ওই স্বাস্থ্য শিবিরগুলিতে বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এমনকি, যথাযথ অনুমতি ছাড়াই তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে।

জানা গিয়েছে, রায়নগরের বাসিন্দা সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতেই ডায়মন্ড হারবার থানার পুলিশ এই পদক্ষেপ করেছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও (SDPO) নিজেই এই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছেন।

উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে এই ‘সেবাশ্রয়’ শিবির চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ সেখানে বিনামূল্যে চিকিৎসার জন্য আসতেন। এমনকি, ভিনরাজ্য থেকেও অনেকে এই শিবিরে পরিষেবা নিতে এসেছিলেন। খুব দ্রুতই অভিষেকের এই উদ্যোগটি জনপ্রিয়তা লাভ করেছিল। তবে বর্তমান এই অভিযোগের পর, শিবিরের চিকিৎসা ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।


