Transport
Bengal Liberty:
মেদিনীপুরের যাত্রীদের জন্য সুখবর। মেদিনীপুর-দিঘা এবং মেদিনীপুর-কলকাতা রুটে মোট ৬টি নতুন সরকারি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (Transport)। এর মধ্যে মেদিনীপুর থেকে দিঘা রুটে ২টি এবং মেদিনীপুর থেকে কলকাতা রুটে ৪টি বাস চলাচল করবে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে নতুন পরিষেবা
পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই এই দুই রুটে অতিরিক্ত সরকারি বাসের দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা। বিশেষ করে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং পর্যটকদের কথা মাথায় রেখেই এই নতুন পরিষেবা শুরু করা হলো। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মেদিনীপুর-কলকাতা রুটে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কর্মসূত্রে এবং বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। অন্যদিকে, দিঘা অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় ছুটির দিন ও সপ্তাহান্তে এই রুটেও যাত্রীদের যথেষ্ট চাপ থাকে। নতুন বাসগুলি চালু হওয়ায় একদিকে যেমন ভিড় কমবে, তেমনই সরকারি পরিবহণের সুবিধাও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের আশা, ভবিষ্যতে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আরও নতুন রুট ও অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে।

