Samik Bhattacharya
Bengal Liberty: কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান পদে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বসার জল্পনা নিয়ে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক চর্চা। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে শমীক সাফ জানিয়ে দিলেন, এ ধরনের কোনো দায়িত্ব তিনি নিচ্ছেন না। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পুজোকে কোনোভাবেই রাজনীতিকরণ করা চলবে না।

তৃণমূলের দিকে শমীকের তীর (Samik Bhattacharya)
রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পরেও প্রাক্তন শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলে শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের আমলে যেভাবে একের পর এক পুজো কমিটি নেতাদের দখলে চলে গিয়েছিল, সেই সংস্কৃতি এবার বন্ধ হওয়া প্রয়োজন। পুজো পুজোই থাকা উচিত, রাজনীতির কোনো জায়গা সেখানে নেই।” বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে কার্যত তৃণমূল আমলের পুজো-দখলের রাজনীতির প্রতি এক তীব্র শ্লেষ ফুটে উঠেছে।

ক্ষমতার চেয়ারে থেকেও বিনয়ী শমীক (Samik Bhattacharya)
শাসক দল হিসেবে বিজেপি এখন ক্ষমতার শীর্ষে। সেই জায়গায় দাঁড়িয়েও পুজো কমিটির ‘চেয়ারম্যান’ হওয়ার মতো প্রলোভন পুরোপুরি খারিজ করে শমীক বুঝিয়ে দিয়েছেন, বিজেপির লক্ষ্য পুজো দখল করা নয়, বরং পুজোর পবিত্রতা রক্ষা করা। তৃণমূল আমলে যা ছিল নিত্যনৈমিত্তিক ছবি—অর্থাৎ পুজো কমিটিকে রাজনৈতিক কার্যালয় বানিয়ে ফেলা—সেই অভ্যাস থেকে যে বর্তমান সরকার অনেক দূরে, তা এদিন শমীকের বক্তব্যে স্পষ্ট।
রাজনৈতিক মহলের মতে, শমীক ভট্টাচার্যের এই বার্তা মূলত তৃণমূলের সেই পুরনো ‘দখলদারি’ মানসিকতার বিরুদ্ধে একটি কঠোর বার্তা। বিজেপি সভাপতি বুঝিয়ে দিলেন, ক্ষমতা বদলালেও পুজোর ঐতিহ্যকে রাজনীতির আবর্জনা থেকে মুক্ত রাখাই এখন নতুন সরকারের মূল লক্ষ্য।

