Bengal Liberty : শুক্রবার ভোর থেকেই কলকাতার একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। সব্যসাচী দত্ত সংক্রান্ত মামলার তদন্তে পার্ক স্ট্রিট, খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ শহরের মোট ১২ জায়গায় একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব্যসাচীর আয়-ব্যয়ের সামঞ্জস্যের হদিস পেতেই ইডির এই তল্লাশি বলে জানা গিয়েছে। অভিযানের সময় গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক কনভয়ে করে বেরিয়ে পড়ে ইডির বিশেষ তদন্তকারী দল। এরপর শহরের বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয় তল্লাশি অভিযান। ব্যবসায়ীদের বাড়ির পাশাপাশি তাঁদের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডিজিটাল ডিভাইস খুঁটিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা (ED Raid)।

তদন্তের গতি আরও বাড়ল ইডি (ED Raid)
আয় বহির্ভূত সম্পত্তি এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। তদন্তকারীদের দাবি ছিল, বিধায়ক থাকাকালীন সময়েই তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছিলেন, যার সঙ্গে তাঁর ঘোষিত আয়ের সামঞ্জস্য নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত প্রাক্তন তৃণমূল নেতার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা, নগদ অর্থ এবং সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। পরবর্তীতে তাঁর ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতেও বিপুল পরিমান সোনার হদিশ মেলে। পুলিশের দাবি, রাতভর তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই মামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তির হদিশ মিলতে পারে। তাই ফের নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। আজ, শুক্রবার সকাল থেকেই শহরের মোট ১২টি জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/03/sabyasachi-dutta-tina-haldar/


