Municipal Election
Bengal Liberty:
পুরভোটের প্রস্তুতিতে এবার আরও এক ধাপ এগোতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সেই পরিস্থিতিতে আজ বুধবার পুরভোটের প্রস্তুতি বৈঠক। সূত্রের খবর, বিভিন্ন পুরসভায় আসন সংরক্ষণের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র চিহ্নিতকরণ নিয়েও আলোচনা হতে পারে। পুজোর আগেই আসন সংরক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক করা হচ্ছে বলে দাবি প্রশাসনের।

বিশেষ নজরদারি(Municipal Election 2026)
এই প্রক্রিয়ায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। কারণ বহু ভোটগ্রহণ কেন্দ্র স্কুলগুলিতেই হয়। কোন ওয়ার্ডে কোন কোন পোলিং স্টেশন রয়েছে, তার তালিকাও খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছবে বলে জানা যাচ্ছে। সেই তালিকা পাওয়ার পর ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ এগোবে।সেই লক্ষ্যেই নির্বাচন হতে চলা সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে কমিশন।
কমিশনের অন্দরের খবর, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কয়েকটি পুরসভায় ভোট করানোর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া, বালি, হুগলি, ধূপগুড়ি এবং কালিম্পং-সহ কয়েকটি পুরসভাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

আসন সংরক্ষণ কাজ চলছে(Municipal Election 2026)
এদিকে আসন সংরক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ কাজ বাকি। কোন ওয়ার্ডে এসসি, এসটি সংরক্ষণ থাকবে এবং মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ কীভাবে কার্যকর হবে, তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা তৈরি হয়েছে। কলকাতায় ১৫১টি, হাওড়ায় ৬৮টি এবং হলদিয়ায় ৩০টি ওয়ার্ড রাখার প্রস্তাব রয়েছে। এই সমস্ত তথ্য চূড়ান্ত হওয়ার পরই পুরভোটের প্রস্তুতি আরও গতি পাবে বলেই মত সরকারের।
বৈঠকে কলকাতা ও হাওড়ার নির্বাচনী প্রস্তুতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলেই মনে করা হচ্ছে। নতুন ওয়ার্ডের নিরিখে ইভিএমের প্রয়োজনীয়তা, ভোটকর্মী মোতায়েন, ভোটগ্রহণ কেন্দ্র এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি নির্বাচন হতে চলা অন্যান্য পুরসভা ও পুরনিগম এলাকার সামগ্রিক পরিস্থিতিও খতিয়ে দেখবে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ অবশেষে ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় ডেরেক

