Surya Kant cyber fraud
Bengal Liberty, Kolkata:
দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে থাকা ব্যক্তিও রেহাই পেলেন না সাইবার প্রতারণা থেকে(Surya Kant cyber fraud)! প্রযুক্তির দাপটে যখন গোটা বিশ্ব এগোচ্ছে, ঠিক তখনই সেই প্রযুক্তিকেই হাতিয়ার করে প্রতারকদের নিশানায় খোদ দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

কী ঘটেছে? Surya Kant cyber fraud
জয়পুরে এক সাইবার নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারকচক্র একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। সেই সাইটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বার্তা পাঠানো হয়। ঘটনাটি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন তাঁর পরিবারের সদস্যরাও তাঁর নামেই পাঠানো জাল বার্তা পান। প্রথমে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হলেও পরে যাচাই করে বোঝা যায়, পুরো বিষয়টাই পরিকল্পিত সাইবার জালিয়াতি। প্রধান বিচারপতি বলেন, “একদিন আমার বোন ও মেয়ে আমার নামে তৈরি একটি ভুয়ো সাইট থেকে বার্তা পেয়েছিল। পরে আমরা জানতে পারি, এসব সাইট নাইজেরিয়ার মতো দেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিচার বিভাগ যা-ই করুক না কেন, দেশ থেকে এই হুমকি দূর করতে আমরা কোনও প্রচেষ্টা বাদ দেব না।”

এছাড়াও তিনি জানান, এই ধরনের প্রতারণার পিছনে আন্তর্জাতিক চক্র কাজ করছে এবং দেশের বাইরের সার্ভার ব্যবহার করে এমন অপারেশন চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির সাহায্যে এখন পরিচয় জাল করা অনেক সহজ হয়ে গেছে, ফলে সাধারণ মানুষ তো বটেই, বিশিষ্ট ব্যক্তিরাও টার্গেট হচ্ছেন। এই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি সকলকে সতর্ক থাকার বার্তা দেন এবং সাইবার নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রযুক্তির এই যুগে নিরাপত্তার লড়াই আর শুধু প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকের। খোদ দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত যখন সাইবার জালিয়াতির শিকার হন, তখন স্পষ্ট প্রতারকদের জাল কতটা বিস্তৃত। সচেতন থাকুন, নিরাপদ থাকুন কারণ এক মুহূর্তের অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ।

