Weather Update
Bengal Liberty, Kolkata :
উত্তরবঙ্গে এখনও হালকা শীতের আমেজ টিকে থাকলেও দক্ষিণবঙ্গে দ্রুত বদলাচ্ছে আবহাওয়ার ছবি। সকালবেলার সামান্য শিরশিরানি বেলা বাড়তেই মিলিয়ে যাচ্ছে। এখনই অনেক জায়গায় ফ্যান চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মার্চের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে (Weather Update 1 March)।

দক্ষিণবঙ্গে গরমের ইঙ্গিত (Weather Update 1 March)
কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের পর থেকে একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। তবে মার্চের শুরু থেকেই আবহাওয়ার চিত্র বদলাতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব (Weather Update 1 March)
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এর জেরেই আগামী কয়েকদিন আবহাওয়ার মেজাজে ওঠানামা বা মুড সুইং দেখা যেতে পারে।

উত্তরের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update 1 March)
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ, রবিবার হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুকনোই থাকবে। পাশাপাশি এখনও কুয়াশার প্রভাব রয়েছে বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিনও এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

