ব্রিগেডের মঞ্চে মোদি, তারপরেই নির্বাচনী মাস্টারস্ট্রোক! এক ঝটকায় ১৫০ আসনে নাম ঘোষণা করতে পারে বিজেপি
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সম্মুখ শিখরে এসে কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে BJP। দলীয় সূত্রের খবর, রবিবার অথবা সোমবারের মধ্যেই প্রায় ১৫০ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।
*মোদির ব্রিগেডের পরেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা!*
বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতৃত্ব। রাজ্যের তরফে বৈঠকে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সূত্রের দাবি, প্রথম দফাতেই প্রায় অর্ধেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করতে চাইছে বিজেপি।
*আদি কর্মীদের অগ্রাধিকার*
দলীয় সূত্রে ইঙ্গিত, বর্তমানে যারা বিধায়ক রয়েছেন তাঁদের সিংহভাগকেই আবার প্রার্থী করা হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত আদি কর্মীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে দলে যোগ দেওয়া নতুন মুখেরা তুলনায় পিছিয়ে থাকতে পারেন বলেই ইঙ্গিত মিলছে।
বৈঠকে যোগ দেওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছিলেন, “এই নির্বাচনে লক্ষ্য একটাই—তৃণমূলকে হারানো। প্রার্থিতালিকায় নিচে থাকবে পদ্ম, আর উপরে থাকবেন মোদিজি।” তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রাক্তন করে দেওয়াই বিজেপির লক্ষ্য। তবে এবারের এবারে বিজেপির প্রার্থিতালিকায় কোনও চমক থাকবে কিনা তা অবশ্য সিক্রেটই রেখেছেন বিরোধী দলনেতা।

