TMC Internal Conflict
Bengal Liberty Desk, ১৮ মার্চ, কলকাতা: তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর দিকে দিকে চাপা পড়া আগুন জ্বলে উঠবে তা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। প্রার্থী তালিকা ঘোষণার পরই কার্যত শাসক শিবিরে ফাটলের শব্দ। প্রত্যাশামতোই ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তারপরই দিকে দিকে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ভোটের আগে ঘরের লড়াইই এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের সামনে। একদিকে আমডাঙায় রাস্তায় নেমে বিক্ষোভ, অন্যদিকে মিনাখাঁয় গোষ্ঠীসংঘর্ষ, প্রার্থী নির্বাচন ঘিরে ক্ষোভ যেন এবার বিস্ফোরণের মুখে। রাজনৈতিক অঙ্ক কষতে গিয়ে দলীয় অসন্তোষই এখন শাসকদলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে (TMC Internal Conflict)।
আমডাঙায় প্রার্থী বদলে ক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ (TMC Internal Conflict)

প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আমডাঙা বিধানসভা কেন্দ্রে বিদ্রোহের সুর স্পষ্ট। তিনবারের বিধায়ক রফিকুর রহমানকে সরিয়ে ফুরফুরা শরিফের পিরজাদা কাশেম সিদ্দিকিকে প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রফিকারের অনুগামীরা। গতকাল, মঙ্গলবার রাতে আমডাঙার পদ্মলাভপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ, যার জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে রাস্তা স্বাভাবিক করে।
মিনাখাঁয় গোষ্ঠীসংঘর্ষ, প্রার্থী ঘিরে উত্তেজনা চরমে (TMC Internal Conflict)

অন্যদিকে, মিনাখাঁ বিধানসভায় প্রার্থী ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত। সোনাপুকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। উষারানি মণ্ডলকে প্রার্থী করার বিরোধিতা করে রাজারহাট-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূলের কর্মীরা। পরে উষারানির অনুগামীদের সঙ্গে ফরিদ জমাদারের গোষ্ঠীর হাতাহাতি বেধে যায়। লাঠি ও বাঁশ দিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর হয়, আহতদের ভর্তি করা হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।
আরও পড়ুন (TMC Internal Conflict)-
TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
TMC Candidate List 2026 WB: তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, ৭৪ বিধায়ক বাদ, আসন বদলে ৩৩ শতাংশ প্রার্থী পরিবর্তন

উল্লেখ্য, প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টা আগেই উষারানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মিনাখাঁর আমতলা বাজারে পোস্টার পড়ে। সেখানে নতুন মুখের দাবি ওঠে। কিন্তু গতকাল, মঙ্গলবার বিকেলে উষারানি পুনরায় টিকিট পাওয়ার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
