Alipurduar cash seizure
Bengal liberty desk,১৮ মার্চ :
২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ (Alipurduar cash seizure)। সেই তৎপরতার মাঝেই বুধবার আলিপুরদুয়ার শহরের চৌপতি সংলগ্ন বক্সা ফরেস্ট রোডে একটি অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। এই ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন খবর পেয়েই বক্সা ফরেস্ট রোডে একটি বিশেষ অভিযান চালানো হয়। অসমের চিরাং জেলার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি আটক করে তল্লাশি শুরু করতেই প্রথমে প্রায় ১ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর পুলিশের সন্দেহ বাড়লে গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে আরও প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
দম্পতির দাবি ও পুলিশের তদন্ত:
আটক হওয়া ওই দম্পতি নিজেদের অসমের চিরাং জেলার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, তাঁরা প্রতি বছর এই সময়ে আলিপুরদুয়ারে ঘুরতে এবং কেনাকাটা করতে আসেন। গতকালই তাঁরা অসম থেকে এখানে পৌঁছেছেন এবং কেনাকাটার উদ্দেশ্যেই এই টাকা সাথে রেখেছিলেন
বিধানসভা ভোটের মুখে ভিন রাজ্য থেকে আসা গাড়িতে এই পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পর কেন তাঁরা এত টাকা সাথে নিয়ে ঘুরছিলেন এবং এই টাকার উৎস কী, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ জানতে গণনা চলছে।
