Kalendranath Mandi BJP Join
Bengal Liberty, kolkata :
বিধানসভা ভোটের মুখে জঙ্গলমহলে সবুজ গড়ে ভাঙন (Kalendranath Mandi BJP Join)। বৃহস্পতিবার কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর উপস্থিতিতে পদ্ম ফুলে যোগদান করেন ‘বঙ্গভূষণ’ প্রাপ্ত কলেন্দ্রনাথ মান্ডি।

কে এই কলেন্দ্রনাথ মান্ডি? Kalendranath Mandi BJP Join
আদিবাসী সংস্কৃতির মুখ কলেন্দ্রনাথ মান্ডি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সাঁওতালি সাহিত্য ও গবেষণার জগতে তিনি এক উজ্জ্বল নাম। ১৯৭৮ সাল থেকে কবিতা, গল্প এবং প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি সাঁওতালি ভাষাতত্ত্ব নিয়েও গবেষণা করছেন। তাঁর সাহিত্যকৃতি সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও স্থান পেয়েছে। সমাজ সংস্কারক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। বিশেষত ডাইনিপ্রথার মতো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি দীর্ঘকাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়া, গত ফেব্রুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি ‘বঙ্গভূষণ’ সম্মান গ্রহণ করেছিলেন।

হঠাৎ ঘাসফুল ছেড়ে পদ্মে ঝাঁপ
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বান্দোয়ান ব্লকের একটি আসন থেকে তৃণমূলের টিকিটে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কলেন্দ্রবাবু। তবে বছর ঘুরতে না ঘুরতেই শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আদিবাসী সমাজ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তিত্বের দলবদল জঙ্গলমহলের ভোট সমীকরণে বিশেষ প্রভাব ফেলতে পারে।
গেরুয়া শিবিরে যোগদানের পর কলেন্দ্রনাথের বার্তা
বিজেপিতে যোগ দিয়ে কলেন্দ্রনাথের বার্তা, বর্তমান সরকারের আমলে আদিবাসী সম্প্রদায়ের বঞ্চনা ও অনুন্নয়নই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।কলেন্দ্রনাথের যোগদানের পর পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেন, “কলেন্দ্রনাথ মান্ডি শুধু জঙ্গলমহলের নেতা নন, তিনি আদিবাসী ভাষা ও সংস্কৃতির অন্যতম মুখ। তৃণমূলের জমানায় আদিবাসী সম্প্রদায় উন্নয়নের আলো থেকে বঞ্চিত। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে এই সরকার অপমান করেছে, তাতে আদিবাসী সমাজ ক্ষুব্ধ। বিধানসভা ভোটে এর যোগ্য জবাব দেবে মানুষ।” তবে, কলেন্দ্রনাথের মতো আদিবাসী মুখকে পাশে পাওয়া জঙ্গলমহলে বিজেপির হাতকে আরও শক্ত করল এবিষয়ে কোনও সন্দেহ নেই।
