Maan ki baat
Bengal Liberty, kolkata:
বৈশ্বিক অস্থিরতা আর যুদ্ধের মেঘের মাঝেও দেশবাসীকে ঐক্যের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Maan Ki baat)। রবিবাসরীয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি যেমন ইরান-ইজরায়েল যুদ্ধ ও তার প্রভাবে ভারতীয়দের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন, তেমনই দেশের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের সৌরশক্তির মাধ্যমে স্বনির্ভর হওয়ার সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

বিশ্বযুদ্ধ ও ভারতের অবস্থান – ১৪০ কোটি মানুষকে একজোট হওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ২০২০ সালে বিশ্ব যখন কোভিড-১৯ অতিমারির কবলে পড়েছিল, তখন মানুষ এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমানে ইরান ও ইজরায়েলের মধ্যে চলা দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি ফের বিশ্বকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, উপসাগরীয় দেশগুলিতে কর্মরত ভারতীয়দের সুরক্ষায় কেন্দ্র সর্বদা সজাগ। তাঁদের সবরকম সহযোগিতা করা হচ্ছে যাতে যুদ্ধের আঁচ তাঁদের গায়ে না লাগে।
যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের সমস্যা বাড়লেও ভারত নিজের ক্ষমতা ও বন্ধুরাষ্ট্রগুলোর সহায়তায় পরিস্থিতি মোকাবিলা করছে। নরেন্দ্র মোদির আবেদন, “গুজবে কান দেবেন না। ১৪০ কোটি দেশবাসীকে আজ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। যেমনভাবে আমরা করোনাকাল কাটিয়েছি, তেমনই একজোট থাকলে এই সংকটও আমরা জয় করব।”

‘পিএম সূর্য বিজলী যোজনা’: অন্ধকার ঘুচিয়ে আলোর পথে ভারত
প্রধানমন্ত্রী এদিন সৌরশক্তির সফল প্রয়োগ নিয়ে একাধিক প্রেরণামূলক কাহিনী শুনিয়েছেন। তিনি বলেন, কয়েক বছর আগেও সোলার প্যানেল দু-একটি বাড়িতে দেখা যেত, কিন্তু আজ ‘পিএম সূর্য বিজলী যোজনা’র হাত ধরে তা ঘরে ঘরে পৌঁছেছে। সুরেন্দ্রনগরের পায়েল আজ একজন দক্ষ সোলার পাওয়ার টেকনিশিয়ান। প্রশিক্ষণ নিয়ে তিনি কেবল নিজের পরিচয় গড়েননি, বরং আশেপাশের বহু জেলায় রুফটপ সোলার প্যানেল বসানোর কাজ করছেন। দিল্লির প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অরুণ বাবু আজ বিদ্যুৎ সাশ্রয় করছেন এবং বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আয়ও করছেন। ত্রিপুরার বহু দুর্গম গ্রামে আজ সৌরশক্তির দৌলতে বিদ্যুৎ পৌঁছেছে। প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ আসায় গ্রামগুলোর সামাজিক চিত্রই বদলে গিয়েছে, যা ডিজিটাল ভারতের এক উজ্জ্বল দিক।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল ‘আত্মনির্ভরতা’ ও ‘বিশ্বাস’। একদিকে যেমন তিনি বৈদেশিক সংকটে সরকারের ওপর ভরসা রাখার অনুরোধ করেছেন, তেমনই অন্যদিকে সাধারণ মানুষের উদ্ভাবনী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন। বৈশ্বিক যুদ্ধের মেঘ ঘনিয়ে এলেও ভারত যে তার আত্মনির্ভরতার পথে অটল, প্রধানমন্ত্রী সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন। ইরান-ইজরায়েল সংকট বা জ্বালানি সমস্যা—যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর একতাই আসল শক্তি। সকল দেশবাসীর একতা ও বিশ্বাস কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি “মন কি বাত” এর মাধ্যমে দেশবাসীকে শুধু অনুপ্রেরণা জোগান না , বরং সমৃদ্ধিশালী একতাপূর্ণ ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে ব্রতী থাকেন।
