Rahul Arunoday Banerjee death
Bengal Liberty, kolkata:
টলিউডে যেন হঠাৎই নেমে এল নিস্তব্ধতা। রবিবার সন্ধেবেলায় ছড়িয়ে পড়া এক খবর মুহূর্তে স্তব্ধ করে দিল গোটা ইন্ডাস্ট্রি, আর নেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় Rahul Arunoday Banerjee death। মাত্র ৪২ বছর বয়সে তাঁর এই আকস্মিক প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত। ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ সব ক্ষেত্রেই সমান সাবলীল এই অভিনেতার জীবন যেন এক অসম্পূর্ণ রূপকথা হয়ে রয়ে গেল।

শুরুটা মঞ্চে, রক্তেই অভিনয়
১৯৮৩ সালের ১৬ অক্টোবর এক নাট্য পরিবারে জন্ম তাঁর। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দলের হাত ধরেই খুব অল্প বয়সে মঞ্চে পা রাখেন। মাত্র তিন বছর বয়সে প্রথম অভিনয় সেখান থেকেই শুরু পথচলা। সময়ের সঙ্গে সঙ্গে থিয়েটারের মঞ্চে নিজেকে শাণিত করেছেন তিনি। প্রায় ৪৫০টিরও বেশি স্টেজ শো-তে অংশ নিয়ে নিজের অভিনয়ের ভিত এতটাই মজবুত করেছিলেন যে, পরবর্তীকালে ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁর কাছে কখনওই কঠিন হয়ে ওঠেনি।
থিয়েটার তাঁর কাছে শুধু পেশা নয়, এক ধরনের সাধনা ছিল। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজ করে চরিত্রের গভীরে ঢোকার ক্ষমতা তৈরি করেছিলেন। এই মঞ্চ-অভিজ্ঞতাই তাঁকে আলাদা করে তুলেছিল সমসাময়িকদের থেকে।

ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্থান
ক্যারিয়ারের প্রথম বড় পরিচিতি আসে টেলিভিশনের মাধ্যমে। খেলা ধারাবাহিকে ‘আদিত্য’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা এবং আবেগের প্রকাশ খুব দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। তবে জীবনের আসল মোড় ঘোরে ২০০৮ সালে। পরিচালক রাজ চক্রবর্তী-র ছবি চিরদিনি তুমি যে আমার-এ অভিনয় করে রাতারাতি তিনি পৌঁছে যান তারকাখ্যাতির শীর্ষে। বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবির প্রেম, গান, আর রাহুলের সহজ-সরল উপস্থিতি সব মিলিয়ে এক অদ্ভুত ম্যাজিক তৈরি হয়েছিল।
এই ছবির সাফল্য শুধু বক্স অফিসেই সীমাবদ্ধ ছিল না, বরং এক নতুন ‘রোম্যান্টিক হিরো’-র জন্ম দিয়েছিল টলিউডে। আজও এই ছবির গান এবং দৃশ্য বাঙালির মনে নস্টালজিয়ার জায়গা দখল করে আছে।

বহুমুখী প্রতিভার পরিচয়
সুপারস্টার হয়ে ওঠার পর থেমে থাকেননি তিনি। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘জ্যাকপট’, লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, পতি পরমেশ্বর— বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন।
শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও তাঁর উপস্থিতি ছিল সমান উজ্জ্বল। দেশের মাটি ধারাবাহিকে ‘রাজা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। ওয়েব সিরিজের জগতেও তিনি নিজের জায়গা তৈরি করেছিলেন।
শেষ সময় পর্যন্ত থিয়েটারের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ তাঁর সাম্প্রতিক অভিনয় ছিল দর্শকদের প্রশংসিত। পরিচালক সৌরভ পালের নাটকেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে মন জয় করছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ। পডকাস্ট ‘সহজ কথায়’-এর মাধ্যমে বিনোদন জগতের নানা দিক তুলে ধরতেন। লেখালেখি, কবিতা আবৃত্তি— সব ক্ষেত্রেই ছিল তাঁর সাবলীল উপস্থিতি।
ব্যক্তিগত জীবন: প্রেম, ভাঙন, পুনর্মিলন
চিরদিনি তুমি যে আমার-এর শুটিংয়ের সময়ই প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহে। তাঁদের একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায় তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
তবে ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের খবর ভেঙে দিয়েছিল অনুরাগীদের মন। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০২৩ সালে আবার একত্রিত হন তাঁরা। নতুন করে সংসার শুরু করার সেই সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল ভালোবাসার এক নতুন উদাহরণ। কিন্তু সেই সুখ যেন দীর্ঘস্থায়ী হল না।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া মানে শুধু এক অভিনেতার মৃত্যু নয় এক অসমাপ্ত যাত্রার হঠাৎ থেমে যাওয়া। যাঁর অভিনয়ে, কণ্ঠে, উপস্থিতিতে বেঁচে থাকত অসংখ্য গল্প, সেই মানুষটাই আজ নিস্তব্ধ।
তবু পর্দায় তাঁর হাসি, মঞ্চে তাঁর সংলাপ, আর দর্শকের মনে তাঁর জায়গা সবকিছুই থেকে যাবে ‘চিরদিনি’। তাঁর জীবন হয়তো অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু তাঁর সৃষ্টি কখনও মুছে যাবে না।
