Ratna Debnath Nomination
Bengal Liberty, ৯ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র এবার বিশেষভাবে নজরকাড়া (Ratna Debnath Nomination)। আজ, বৃহস্পতিবার ৯ এপ্রিল গভীর স্মৃতি ও আবেগঘন দিনের সাক্ষী রেখে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, অভয়ার মা। মনোনয়ন জমার দিন হিসেবে ৯ তারিখ কেন বেছে নিলেন? সে কথাও জানালেন অভয়ার মা। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোনোর মুহূর্ত থেকেই তাঁর কণ্ঠে স্পষ্ট শোনা গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাতের হুঁশিয়ারি। আজ, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী, অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক, এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দেন পানিহাটির বিজেপি প্রার্থী। তারপর পদযাত্রা করে ব্যারাকপুর SDO অফিসে মনোনয়ন জমা দেন (Ratna Debnath Nomination)।

৯ তারিখ বেছে নেওয়ার কারণ (Ratna Debnath Nomination)
৯ তারিখ, এই দিনটা রত্না দেবনাথের জীবনে শুধু একটা তারিখ নয়, গভীর আবেগে জড়ানো এক স্মৃতি। তাঁর কথায়, এই দিনেই তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পেয়েছিলেন, তাঁর কথায়, “এক ৯ তারিখেই আমার কাছে এসেছিল আমার রত্ন। আমার মনে হয়েছিল যে তাঁকে পেয়ে আমি গোটা পৃথিবীকে পেয়ে গিয়েছি।” কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! অভয়ার মা বলেন, “সেই ৯ তারিখেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার রত্নকে।” তাই এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন নিজের রাজনৈতিক লড়াইয়ের সূচনার দিন হিসেবে।

অভয়ার মায়ের বক্তব্য (Ratna Debnath Nomination)
পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের দাবি, তাঁর ক্রমবর্ধমান জনসমর্থনই শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তিনি মনে করেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাঁকে ঘিরে মানুষের সমর্থন দিন দিন বাড়ছে, আর সেটাই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে ভয় তৈরি করছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সঙ্গে প্রচুর মানুষের সমর্থন রয়েছে। সেই কারণেই ১৪ তারিখ রাতে ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী নিয়ে আর জি করের মূল বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। এটা তো সাধারণ মানুষের জন্য ছিল।” বিরোধীদের নিয়ে আর বেশি কিছু বলতে চান না বলেও জানান তিনি। তাঁর কথায়, “এলাকার ছোট-বড় সব মানুষ আমার পাশে আছেন। অনেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছেন-আপনি আমাদের জন্য বিচারটা ছিনিয়ে আনুন।”
West Bengal Election 2026: মনোনয়নপত্র জমা দিলেন অভয়ার মা রত্না দেবনাথ@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #ratnadebnath #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #bjpwestbengal pic.twitter.com/JQgSGyYqfJ
— Bengal Liberty (@bengalliberty1) April 9, 2026
উল্লেখ্য, গতকাল, বুধবার প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবী। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অভিযোগের সুরে বলেন, বিরোধী শিবির পরিকল্পিতভাবেই তাঁর উপর আক্রমণ চালিয়েছে এবং তাঁকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তিনি বলেন, “নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়-ওদের থ্রেট কালচার বাহিনী আমাকে আক্রমণ করতে পাঠানো হয়েছিল। আমার গায়ে থুতু ছেটানো হয়েছে, আমার দলীয় কর্মীদেরও মারধর করা হয়েছে।” তবে এসব ঘটনার পরও নিজের অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, “আমি এসব দেখে পিছিয়ে আসার মানুষ নই। আমি ভয় পাই না।”
