Weather update
Bengal Liberty, ২৫ মে :
তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ (Weather Update)। সকাল গড়াতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা, জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে চাইছেন না অনেকেই। রোদের তাপ আর অস্বস্তিকর আর্দ্রতায় নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকায় বাড়ছে সতর্কতা। পাশাপাশি মে মাসের শেষদিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়েও নজর রাখছেন আবহবিদরা (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় খুব গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দিনের বেলায় তাপমাত্রা ও আর্দ্রতার জেরে ভ্যাপসা গরম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গে বর্ষার আমেজ যেন ক্রমশ বেড়েই চলেছে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় সোমবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস বা জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


