BLO suspended
Bengal Liberty Desk, Kolkata:
ছাব্বিশে ভোটের আবহে নির্বাচনী নিরপেক্ষতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন BLO suspended । শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটার স্লিপ বিলির অভিযোগে পাঁচজন বুথ লেভেল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে কমিশন এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর চব্বিশ পরগনায় সাসপেন্ড ৩ BLO suspended
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় কর্মরত তিন BLO—তপন সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্ত—এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাঁরা শাসক দলের হয়ে ভোটারদের মধ্যে ভোটার স্লিপ বিলি করছিলেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের কেউ কেউ দলীয় দেওয়াল লিখনের কাজেও যুক্ত ছিলেন। পাশাপাশি দলীয় প্রভাব ব্যবহার করে ভোটারদের কাছে স্লিপ পৌঁছে দেওয়ার ঘটনাও সামনে আসে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই তদন্ত শুরু হয়।
বীরভূম জেলায় সাসপেন্ড ২ BLO
এদিকে বীরভূম জেলার দুবরাজপুর এলাকাতেও একই ধরনের অভিযোগ সামনে আসে। সেখানে BLO মঞ্জুরী চট্টোপাধ্যায়-সহ আরও এক BLO-র বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাঁরা দলীয় কার্যালয়ে বসে অথবা দলীয় পতাকা লাগানো সাইকেলে করে ভোটার স্লিপ বিলি করছিলেন। নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত সরকারি কর্মীদের এমন রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়া নির্বাচন বিধি ভঙ্গের সামিল বলেই মনে করছে কমিশন।
বিভাগীয় তদন্তের নির্দেশ
ঘটনার প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত পাঁচজন BLO-কে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনী দায়িত্বে থাকা কোনও সরকারি কর্মী যদি রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন এ ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।
প্রশাসনিক মহলের মতে, এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশন আবারও স্পষ্ট করে দিল যে ভোটের সময় সরকারি কর্মীদের কোনও রাজনৈতিক ভূমিকা নেওয়া একেবারেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন: ধাক্কা খেল গেরুয়া শিবির! আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ বিল ব্যর্থ লোকসভায়
