Byron Biswas statement
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের আর ৫ দিন বাকি। তার আগে বড়সড় রাজনৈতিক চর্চার জন্ম দিলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। প্রকাশ্যে তিনি স্বীকার করেছেন যে রাজনীতিতে তাঁর হাতেখড়ি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই। এমনকি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনাকে তিনি ‘বিশ্বাসঘাতকতা’ বলেও উল্লেখ করেছেন।

কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি – বাইরন Byron Biswas statement
বাইরন বিশ্বাস বলেন, অধীর চৌধুরী তাঁর কাছে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি তাঁর ‘গুরুদেব’। তাঁর কাছ থেকেই তিনি রাজনীতির পাঠ নিয়েছেন এবং রাজনৈতিকভাবে উঠে আসার সুযোগ পেয়েছেন। সেই কারণেই ব্যক্তিগতভাবে আজও অধীর চৌধুরীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে বলে জানান তিনি। কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন – বলেন তিনি। এবার ভোটের আগে তাঁর মন্তব্যে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বাইরন বিশ্বাস ভোটারদের বলেন, ‘আমার চেয়ে যদি বেশি যোগ্য কাউকে মনে হয়, তাহলে তাকেই জয়ী করুন।’

জিতে দলবদল বিধায়কের
উল্লেখ্য, ২০২৩ সালের উপনির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সেই সময় কংগ্রেসের সংগঠন ও অধীর চৌধুরীর সমর্থনেই তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পান। তবে পরে রাজনৈতিক সমীকরণ বদলাতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই সিদ্ধান্তকে ঘিরে তখন থেকেই বিতর্ক তৈরি হয়েছিল।
ফের দলবদলের ইঙ্গিত?
রাজনৈতিক মহলের একাংশের মতে, অধীর চৌধুরীর প্রশংসা করে বাইরন হয়তো কংগ্রেসের সমর্থকদের একাংশকে নিজের দিকে টানার চেষ্টা করছেন। বিশেষ করে সাগরদিঘি কেন্দ্রে কংগ্রেসের ঐতিহ্যগত ভোটব্যাঙ্ক রয়েছে। তাই অধীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই ভোটব্যাঙ্কে প্রভাব ফেলাই তাঁর কৌশল হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার ভোটের আগে তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অধীর চৌধুরীর প্রতি প্রকাশ্য শ্রদ্ধা ও কংগ্রেস ছাড়াকে ‘বিশ্বাসঘাতকতা’ বলা—এই দুই মিলিয়ে বোঝা যাচ্ছে যে বাইরন বিশ্বাস হয়তো ভবিষ্যতের জন্য কংগ্রেসে ফেরার রাস্তা খোলা রাখছেন।
সব মিলিয়ে ২৩ এপ্রিলের ভোটের আগে বাইরন বিশ্বাসের এই মন্তব্য সাগরদিঘির রাজনীতিতে নতুন বিতর্ক ও জল্পনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তাঁর এই মন্তব্য ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে।
