Vidhan Sabha Security Lapse
Bengal Liberty , কলকাতা:
কড়া নিরাপত্তা, সিসিটিভি নজরদারি আর পুলিশি পাহারায় মোড়া থাকে বিধানসভা (Vidhan Sabha Security Lapse)। অথচ সেই বিধানসভার অন্দরেই ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। আজ, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মানসিক ভারসাম্যহীন এক যুবক অনায়াসে বিধানসভার ভেতরে ঢুকে সোজা ছাদে উঠে যান। আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার মতো সংবেদনশীল এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঠিক কী ঘটেছিল? Vidhan Sabha Security Lapse
সূত্রের খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৩৭ বছর বয়সী বরুন নবংশী নামক এক যুবক ৫ নম্বর গেটের কাছে থাকা সমন্বয় নার্সারি দিয়ে ভেতরে প্রবেশ করেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দ্রুত তিনি বিল্ডিংয়ের ছাদে উঠে পড়েন এবং ঝাঁপ দেওয়ার হুমকি দিতে থাকেন। তাকে নিচে নামানোর জন্য পুলিশ ও দমকল কর্মীরা পরিত্রান চেষ্টা চালান। জলের বোতল ও খাবার অফার করেও তাকে নামাতে অসমর্থ হয় প্রশাসন। তার হাতে ছিল একটি ভাঙা কাঁচের বোতল এবং তা নিজের গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিস্থিতি ও উদ্ধারকার্য
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে যখন দেখা যায় যুবকের হাতে একটি ভাঙা কাঁচের বোতল রয়েছে। নিচে নামানোর চেষ্টার মাঝেই ওই যুবক নিজের গলায় সেই কাঁচ চালিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই ঘটনার পর বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা কার্যত কাঠগড়ায় দাঁড়ালো। যে স্থানে রাষ্ট্রপতি, মন্ত্রী ও বিধায়কদের নিত্য আনাগোনা, সেখানে একজন বহিরাগত কীভাবে এতগুলি নিরাপত্তার স্তর পেরিয়ে ভেতরে ঢুকল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, তবে কি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল? ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের সময় কেন তাঁকে আটকানো গেল না? নাকি প্রবেশদ্বারে কোনো নিরাপত্তারক্ষী বা সিসিটিভি ছিল না। সবচেয়ে বড়ো প্রশ্ন, বিধানসভার ছাদে একজন অচেনা ব্যক্তি কিভাবে প্রবেশ করতে পারে? কারুর চোখে পড়লো না কেন বিষয়টি? নাকি বিধানসভার অন্দরেও নিরাপত্তার গাফিলতি রয়েছে? তৈরী হচ্ছে প্রশ্নের জটিলতা।
আজ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঢুকেছেন, কাল যদি কোনো সশস্ত্র দুষ্কৃতী একইভাবে ভেতরে প্রবেশ করে আক্রমণ চালায়, তার দায় কে নেবে? বিধানসভা চত্বরের মতো ভিভিআইপি (VVIP) জোনে এই ধরনের অনুপ্রবেশ কি তবে নিরাপত্তা প্রদানের ব্যর্থতা নাকি গাফিলতি। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই ঘটনাটি প্রমাণ করে দিল যে, বিধানসভার নিরাপত্তা বলয় কতটা ঠুনকো।
