route plan
Bengal Liberty, Kolkata :
আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন (route plan)। আর এই ভোটগ্রহণ ও ভোট-গণনাকে কেন্দ্র করে যাতে মহানগরীর রাজপথে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কোমর বেঁধে নামছে লালবাজার। মঙ্গলবার থেকে শুরু করে ভোটের দিন এবং ৪ মে গণনার দিন পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এক নজরে দেখে নিন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং নিরাপত্তা বজায় রাখতে ট্রাফিক পুলিশের তরফ থেকে কী নির্দেশিকা জানানো হয়েছে।

বিধিনিষেধের সময়সীমা route plan
আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার), ২৯ এপ্রিল (ভোটের দিন) এবং ৪ মে (গণনার দিন) এই তিন দিন কলকাতায় কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে গণনার দিন পরিস্থিতি অনুযায়ী সময়সীমা রাত ১১টা পর্যন্ত বাড়তে পারে বলে সূত্রের খবর।

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে?
আলিপুররোড এলাকা: জজ কোর্ট রোড থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকল্প হিসেবে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড ব্যবহার করতে হবে। বাকের রোড থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
কসবা ও রাজডাঙা: গীতাঞ্জলি স্টেডিয়াম ও অ্যাক্রোপলিস মল সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করে দেওয়া হবে।
হাজরা ও হরিশ মুখার্জি রোড: সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমমুখী যানবাহন হরিশ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পরিস্থিতি বুঝে চেতলা সেন্ট্রাল রোড থেকেও যান নিয়ন্ত্রণ হতে পারে।
মধ্য কলকাতা: অকল্যান্ড রোড এবং লর্ড সিনহা রোড সাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। এসপ্ল্যানেড রো-এর পশ্চিমমুখী রাস্তাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা: বালিগঞ্জ সার্কুলার রোড, শরৎ বোস রোড, রিচি রোড, ডোভার লেন এবং চক্রবেড়িয়া রোডেও আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
পার্কিং সংক্রান্ত কড়াকড়ি
উল্লেখ্য নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যানজট এড়াতে বেশ কিছু এলাকায় ‘নো পার্কিং’ জোন ঘোষণা করা হয়েছে। যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর ও স্ট্র্যান্ড রোড। রাজডাঙা মেন রোড এবং অ্যাক্রোপলিস মল সংলগ্ন এলাকা ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকা। এছাড়াও ৪ মে গণনার দিন গণনাকেন্দ্রের ধারে কাছে কোনো ব্যক্তিগত গাড়ি পার্ক করা যাবে না বলেও জানিয়েছে ওপর মহল।
বাস ও অটো রুটে পরিবর্তন
সাধারণ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কিছু বাস ও অটো রুট আংশিক পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে গণনাকেন্দ্রগামী রাস্তাগুলি এড়িয়ে অন্য পথে গণপরিবহন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িগুলি এই বিধিনিষেধের আওতা থেকে ছাড় পাবে। তবে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই তিন দিন ঘর থেকে বেরোনোর আগে সাধারণ মানুষ যেন বিকল্প রুট পরিকল্পনা করে নেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতেই এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
