Free HPV vaccine West Bengal
Bengal Liberty, ৩০ মে,বিধাননগর: রাজ্যের মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হল। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এবার রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এই মেগা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং বিধাননগরের বিধায়ক।

১৪ বছর বয়সী কিশোরীদের জন্য ‘সুরক্ষা কবচ’ (Free HPV vaccine West Bengal)
প্রথম দফায় এই টিকাকরণ অভিযানটি মূলত ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য শুরু করা হয়েছে। চিকিৎসকদের মতে, শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটার আগেই এই প্রতিষেধক দেওয়া জরুরি। কৈশোরের এই নির্দিষ্ট সময়ে টিকা দিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবথেকে ভালো কাজ করে, যা ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমিয়ে দেয়।

কোথায় পাওয়া যাবে এই টিকা? (Free HPV vaccine West Bengal)
রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে ইতিমধ্যেই প্রায় পৌনে ৮ লক্ষ ডোজ টিকা এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে রাজ্যের ২৩৫টি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।
যদি আপনার কন্যাসন্তানের বয়স ১৪ বছর হয়ে থাকে তবে নিকটবর্তী জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে এই বিনামূল্যে ডোজটি নেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মহিলাদের স্বাস্থ্যের মানোন্নয়নে বর্তমান সরকার দায়বদ্ধ। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এই উদ্যোগটি অন্যতম প্রধান স্তম্ভ। শমীক ভট্টাচার্য ও অন্যান্য আধিকারিকরাও এই পদক্ষেপকে নারী সুরক্ষায় এক বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।

