Kakoli Ghosh Dastidar
Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহের আঁচ এবার পৌঁছাল আইনি লড়াইয়ের আঙিনায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র, পেশায় চিকিৎসক ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। বৈদ্যনাথের দাবি, তাঁর সম্পর্কে অত্যন্ত মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে।

আইনি নোটিসে কী বলা হয়েছে? (Kakoli Ghosh Dastidar)
বৈদ্যনাথ ঘোষ দস্তিদার স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি কখনও বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেননি। বরং তৃণমূলের তৎকালীন ছাত্র পরিষদের নেতা এবং আই-প্যাক-এর প্রতিনিধিরাই তাঁকে নির্বাচনে দাঁড়ানোর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করেছিলেন। নোটিসে উল্লেখ করা হয়েছে যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সোনালি গুহর মতো নেতারা তাঁর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রসঙ্গত, আইনি নোটিসটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র এবং সোনালি গুহর নাম রয়েছে।

১৫ দিনের আল্টিমেটাম (Kakoli Ghosh Dastidar)
এই আইনি নোটিসে কড়া ভাষায় জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্ত মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা এই পদক্ষেপ না করেন, তবে আইনি পথে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তৃণমূলের অন্দরে বিশৃঙ্খলা (Kakoli Ghosh Dastidar)
দলীয় নেতাদের বিরুদ্ধে খোদ এক সাংসদ-পুত্রের এমন আইনি লড়াই নজিরবিহীন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলের অন্দরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন, তখন নেতাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ তৃণমূলের গৃহযুদ্ধকে আরও প্রকট করে তুলল।


