Bengal Liberty: কলকাতার ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন এলাকার অস্থায়ী তৃণমূল কংগ্রেসের কার্যালয় খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় থাকা আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট (TMC Temporary Office)
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ইএম বাইপাসের ধারে দলের মূল কার্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় থেকেই মেট্রোপলিটনের এই পাঁচতলা ভবনটিকে অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
দীর্ঘদিন ধরে বাড়িভাড়া সংক্রান্ত জটিলতা এবং ভবনের মালিকের সঙ্গে টানাপোড়েন চলার পর অবশেষে কার্যালয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ভবনের মালিক মন্টু সাহার দাবি, ভবন দ্রুত খালি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে।
আরও খবর

দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে যে কার্যালয় স্থানান্তরের কাজ চলছে। দলীয় সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো ভবন খালি করে দেওয়া হতে পারে।
তবে তপসিয়ার মূল পার্টি অফিসের সংস্কারকাজ এখনও সম্পূর্ণ না হওয়ায়, আপাতত কালীঘাট থেকেই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতে পারে বলে সূত্রের দাবি।


