Maharashtra Temple Collapse
Bengal Liberty : শনিবার দুপুরে মহারাষ্ট্রের পরভণী জেলার যশওয়াড়ি গ্রামের এক হনুমান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মন্দিরের নির্মীয়মাণ সভাগৃহের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন পুণ্যার্থী।

দুর্ঘটনার বিবরণ (Maharashtra Temple Collapse)
শনিবার ছুটির দিন হওয়ায় যশওয়াড়ি মারুতি মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের কারণে প্রচুর ভক্তের ভিড় ছিল। দুপুর সাড়ে ৩টে নাগাদ মন্দিরের গর্ভগৃহের বাইরে ‘সভা-মণ্ডপ’ নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ ছাদের একটি স্ল্যাব ও স্তম্ভ ভেঙে ভক্তদের ওপর আছড়ে পড়ে।নির্মাণকার্যের জন্য সেখানে বাঁশ ও লোহার রড লাগানো ছিল, যার ভেতর দিয়েই পুণ্যার্থীরা যাতায়াত করছিলেন।

উদ্ধারকাজ ও পরিস্থিতি (Maharashtra Temple Collapse)
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পারভণী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ধ্বংসস্তূপের নিচে এখনও আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মহারাষ্ট্রের মন্ত্রী মেঘনা বোরডিকর ঘটনাস্থলে উদ্ধারকার্য তদারকি করছেন এবং মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
বর্তমানে নির্মাণ কাজের মান ও নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।


