Ticket Scam
Bengal Liberty: বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং রিঙ্কি মল্লিক নামক এক মহিলার বিরুদ্ধে কৃষ্ণনগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলেন নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য প্রণয় কুমার ঘোষ চৌধুরী। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিঙ্কি মল্লিক।

অভিযোগের বিস্তারিত (Ticket Scam)
তৃণমূল সদস্য প্রণয়বাবুর দাবি, পলাশিপাড়া কেন্দ্র থেকে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে সুমিত রায়, রিঙ্কি মল্লিক ও প্রতীক জৈনের নির্দেশে তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল।২৮ ফেব্রুয়ারি কৃষ্ণনগরের ‘নক্ষত্র ভবন’-এর সামনে একটি স্করপিও গাড়িতে করে আসা রিঙ্কি মল্লিকের হাতে তিনি ওই টাকা তুলে দিয়েছিলেন বলে অভিযোগ।পরবর্তীতে অন্য প্রার্থী মনোনীত হওয়ায় এবং টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাঁকে হুমকি দেয় বলে দাবি তৃণমূল নেতার।

পালটা বিস্ফোরক দাবি (Ticket Scam)
অন্যদিকে, অভিযুক্ত মহিলা রিঙ্কি মল্লিক এই প্রতারণার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি উল্টে ওই তৃণমূল নেতার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, প্রণয়বাবু দীর্ঘদিন ধরেই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা ও তাঁর বয়োজ্যেষ্ঠ বাবা-মাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রিঙ্কি মল্লিকের।
এই ঘটনায় এখন জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এক পক্ষের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এবং অন্য পক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে দুই মেরুর এই লড়াই এখন আদালতের বিচারাধীন।


