Tamanna murder case
Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই কালীগঞ্জের তামান্না খুনের ঘটনায় দুই অভিযুক্তের গ্রেফতারিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিরোধী শিবির। সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক তৎপরতা আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করছে।

বৈঠকের প্রেক্ষাপট ও বিধায়কের প্রতিক্রিয়া (Tamanna murder case)
বিধায়ক জানান, ১৮ জুন বিধানসভা অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তামান্নার পরিবারের জন্য সাক্ষাতের সময় চেয়েছিলেন। সেই অনুযায়ী গতকাল মুখ্যমন্ত্রী তাঁদের সময় দেন। বিধায়কের নেতৃত্বে তামান্নার মা সাবিনা ইয়াসমিন এবং কাকদ্বীপের দীপঙ্কর দাসকে নিয়ে একটি প্রতিনিধি দল মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুস্তাফিজুর রহমানের কথায়, “মুখ্যমন্ত্রী অত্যন্ত ধৈর্য সহকারে তামান্নার মায়ের কথা শুনেছেন এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

আইনের শাসনের প্রতিশ্রুতি (Tamanna murder case)
বৈঠকের পরেই পুলিশের বিশেষ অভিযানে আরও দুই অভিযুক্ত গ্রেফতার হওয়ায় খুশি বিধায়ক। উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জন গ্রেফতার হয়েছে। বিধায়ক মুস্তাফিজুর রহমান এদিন বলেন, “মুখ্যমন্ত্রী প্রথম থেকেই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। তাঁর নির্দেশে এত দ্রুত পুলিশি অ্যাকশন সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা চাইব, আগামী পাঁচ বছর রাজ্যে এই আইনি শাসন একইভাবে সব ক্ষেত্রে বলবৎ থাকুক, যাতে সাধারণ মানুষ প্রকৃত ন্যায়বিচার পায়।”
প্রশাসনিক প্রধানের সঙ্গে বিরোধীদের এই গঠনমূলক আলোচনা এবং দ্রুত আইনি ফলের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিবাচক চর্চা শুরু হয়েছে।


