Cooch Behar
Bengal Liberty: কোচবিহারের ঘুঘুমারি এলাকায় এক তৃণমূল নেতার ওপর জনরোষের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, কোচবিহার ১ নম্বর ব্লকের ঘঘুমারি বাজারে দুপুর নাগাদ ফজলে হক নামের ওই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়।

জনরোষের কারণ (Cooch Behar)
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট-পূর্ববর্তী সময়ে ওই নেতা এলাকায় সাধারণ মানুষকে ক্রমাগত হুমকি দিতেন। এছাড়া, বর্তমানে বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষের কনভয়ে একাধিকবার হামলার ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন, তবে আজ এলাকায় ফিরতেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

বিজেপির ভূমিকা (Cooch Behar)
ঘটনার খবর পেয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আঁখি রঞ্জন পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিজেপি নেতৃত্ব উত্তেজিত জনতার হাত থেকে ওই নেতাকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেয়। বিজেপি মণ্ডলের সভাপতির বক্তব্য অনুযায়ী, ওই নেতার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
বর্তমানে এই ঘটনার জেরে ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


