CM Suvendu Adhikari
Bengal Liberty: বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা হিসেবে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি দীর্ঘ পোস্টে নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি প্রশ্ন তোলেন, “দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী?”
শুভেন্দু অধিকারী দাবি করেন, যাঁদের ‘প্রতিবাদী’ বলে আড়াল করার চেষ্টা হচ্ছে, তাঁরাই একজন নিরপরাধ যুবককে বাড়ি থেকে ডেকে এনে, পরিচয় দেখে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন লাগানো, পুলিশকে আক্রমণ, রেললাইন অবরোধ, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, এ ধরনের তাণ্ডবকে কোনওভাবেই গণতান্ত্রিক প্রতিবাদ বলা যায় না।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, রাজ্যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। ধর্ষণ, খুন বা নারী নির্যাতনের মতো অপরাধে যেমন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে, তেমনই নিরপরাধ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় জড়িতদেরও ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-র বিধান অনুযায়ী কঠোর আইনি শাস্তি সুস্পষ্ট।

পোস্টের শেষে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানান, ভিড়ের আড়ালে লুকিয়ে সংঘবদ্ধ অপরাধ করার দিন শেষ। আইন মেনেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনও অপরাধীকেই রেয়াত করা চলবে না। মুখ্যমন্ত্রীর এই পোস্টকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুনঃ গ্রুপ সি ও ডি কর্মীদের পদোন্নতিতে কড়া নিয়ম, পাশ করতে হবে কম্পিউটার ও টাইপিং পরীক্ষা

