Bengal Liberty: সোমবার রাজধানীতে তুমুল বিশৃঙ্খলার পর মঙ্গলবার সকালেই দিল্লির যন্তর মন্তরে ফের বিক্ষোভস্থলে ভিড় জমাতে শুরু করেছেন প্রতিবাদীরা। পুলিশের তরফ থেকে মঞ্চ ও তাবু সরিয়ে দেওয়া সত্ত্বেও ‘কাকরোজ জনতা পার্টি’ (CJP)-র ডাকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণায়, মঙ্গলবার সকালে ফের যন্তর মন্তর দখল করলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)।

সোমবারের সংঘর্ষ ও অশান্তি (CJP Protest)
সোমবার সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজধানী। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখালে, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেলে একশোর বেশি পুলিশকর্মী এবং ষাটেরও বেশি বিক্ষোভকারী আহত হন। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা হিংসাত্মক আচরণ করায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

কেন্দ্রের সঙ্গে বৈঠক ও সিজেপি-র দাবি (CJP Protest)
এই চরম উত্তেজনার মধ্যেই সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে সরকার। সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন সিজেপি-র দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। বৈঠকে সিজেপি-র পক্ষ থেকে তিনটি মূল দাবি জানানো হয়,
কোনো রকম শর্ত ছাড়াই সোনম ওয়াংচুকের মুক্তি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
NEET 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা সমস্ত পরীক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ।
আরও খবর
বৈঠকের পর সৌরভ দাস জানান, মন্ত্রী বিষয়গুলি উপযুক্ত স্তরে আলোচনা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। পাশাপাশি, হাসপাতালে চিকিৎসাধীন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুকও জানিয়ে দিয়েছেন—যতক্ষণ না যুবনেতাদের সঙ্গে সংসদ ভবনে বা হাসপাতালে তাঁর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন।


